‘টাকা দেওয়ার চেয়ে জেলে যাওয়াই ভালো’, মন্তব্য করতেই বিপাকে রাজপাল, এল চূড়ান্ত রায়!

ফের আইনি গেরোয় বলিউড অভিনেতা রাজপাল যাদব। ৯ কোটি টাকার ঋণখেলাপি মামলায় দিল্লি হাইকোর্টের এক ঐতিহাসিক রায়ে বড়সড় ধাক্কা খেলেন জনপ্রিয় এই কমেডিয়ান। শুক্রবার আদালত তাঁর সাজা বহাল রাখার পাশাপাশি ফের জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে।

কী জানিয়েছে আদালত?
‘মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড’-এর দায়ের করা মামলায় দিল্লি হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাজপাল যাদবের করা ২১টি মামলাই খারিজ করা হয়েছে। দায়রা আদালতের দেওয়া সাজা বহাল রেখে আদালত অভিনেতাকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে। শুধু তাই নয়, প্রতিটি মামলার জন্য ১.০৫ কোটি টাকা করে জরিমানার নির্দেশও দেওয়া হয়েছে। এই মামলার সঙ্গে যুক্ত অভিনেতার স্ত্রী রাধা যাদবকেও প্রতিটি মামলায় ৫ লক্ষ টাকা করে জরিমানা দিতে হবে।

আদালতের মতে, রাজপাল বারবার নিজের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। বিশেষ করে, অভিনেতার একটি বিতর্কিত মন্তব্য—‘টাকা দেওয়ার চেয়ে পাঁচবার জেলে যেতেও রাজি আছি’—আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, যা রায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে উচ্চ আদালত অভিনেতা ও তাঁর স্ত্রীকে এই নির্দেশ মেনে চলা অথবা সুপ্রিম কোর্টে আবেদন করার জন্য দু’মাসের সময় দিয়েছে।

অতীতেও জেল খেটেছেন অভিনেতা
উল্লেখ্য, ২০১৮ সালেও ৫ কোটি টাকা ঋণ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় রাজপালকে ৩ মাসের সিভিল কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল আদালত। এরপর চলতি বছরের ৫ই ফেব্রুয়ারি তিহাড় জেলে আত্মসমর্পণ করেন তিনি। সেবার জেলে যাওয়ার আগে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে রাজপাল জানিয়েছিলেন, তিনি মারাত্মক আর্থিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছেন এবং তাঁর কাছে টাকা মেটানোর মতো কোনো অর্থ অবশিষ্ট নেই। সেই সময় সোনু সুদের মতো একাধিক তারকা রাজপালকে কাজ দেওয়ার অনুরোধ জানিয়ে ইন্ডাস্ট্রির কাছে আবেদন করেছিলেন।

তবে সমস্ত সহানুভূতি আর আবেদন সত্ত্বেও আইনি জটিলতা থেকে মুক্তি মিলল না রাজপাল যাদবের। আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে, প্রতিশ্রুতি রক্ষা না করলে আইনের হাত থেকে রেহাই নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *