‘হিন্দু নারীদের টার্গেট করছেন আমির!’ অভিনেতার তৃতীয় বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য বজরং দলের নেতার

বলিউড সুপারস্টার আমির খানের তৃতীয় বিয়ে ঘিরে তৈরি হলো বিতর্ক। গৌরী স্প্র্যাটের সঙ্গে আইনি বিয়ে সম্পন্ন করার পরই অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছে হিন্দু সংগঠন বজরং দল। অভিনেতার বিরুদ্ধে ‘লাভ জেহাদ’-এর মতো গুরুতর অভিযোগ তুলে তাঁকে ভারত থেকে বহিষ্কারের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে।

বিক্ষোভে উত্তাল বিহার
আমিরের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই বিহারের ফোরবেসগঞ্জে বজরং দলের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। ক্ষুব্ধ কর্মীরা অভিনেতার কুশপুতুল দাহ করেন এবং ‘আমির খান মুর্দাবাদ’ ও ‘জেহাদি, আমির খান ভারত ছাড়ো’ স্লোগান দেন। বজরং দলের স্থানীয় নেতা মনোজ সোনি সংবাদমাধ্যমে অভিযোগ করেন, আমির খান পরিকল্পিতভাবে হিন্দু নারীদের বিয়ে করছেন এবং এটি হিন্দু সমাজের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র। তাঁর দাবি, অভিনেতার এহেন কর্মকাণ্ড সমাজের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে।

আমিরের বৈবাহিক ইতিহাস নিয়ে প্রশ্ন
বজরং দলের নেতৃত্বের নিশানায় উঠে এসেছে আমিরের প্রাক্তন বৈবাহিক জীবনও। ১৯৮৬ সালে রীনা দত্ত, ২০০৫ সালে কিরণ রাও এবং বর্তমানে ২০২৬ সালে গৌরী স্প্র্যাট—আমিরের তিন স্ত্রীরই হিন্দু সম্প্রদায়ের হওয়ার বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ও রাজপথে তীব্র বিতর্ক শুরু হয়েছে। সমালোচকদের দাবি, আমির খান বারবার হিন্দু নারীদের কেন জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।

আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি
বজরং দলের তরফে দাবি করা হয়েছে, সরকার ও আদালতের কাছে আমির খানের এই ‘মানসিকতা’ ও কাজের বিরুদ্ধে দ্রুত কড়া ব্যবস্থা নিতে হবে। নতুবা তাঁরা অভিনেতাকে ‘উচিত শিক্ষা’ দেবেন বলেও হুমকি দিয়েছে এই সংগঠন।

উল্লেখ্য, আমির খানের পক্ষ থেকে এখনও এই বিতর্কের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যক্তিগত জীবনে বারবার শিরোনামে উঠে এলেও, এবারের এই বিক্ষোভ ও হুমকির ঘটনা আমিরের ক্যারিয়ার ও ভাবমূর্তির ওপর কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে এখন সরগরম মায়ানগরী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *