‘১০০০ ক্ষেপণাস্ত্র তাক করা আছে!’ ইরানকে পুরোপুরি মুছে ফেলার হুঙ্কার ডোনাল্ড ট্রাম্পের

ইরানের সম্ভাব্য প্রাণঘাতী হামলার আশঙ্কায় এবার সরাসরি ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক বিস্ফোরক বার্তায় ট্রাম্প জানান, তেহরান যদি তাঁকে হত্যার কোনো রকম চেষ্টা করে, তবে আমেরিকা এমন ‘অভূতপূর্ব’ সামরিক আক্রমণের মুখোমুখি করবে ইরানকে, যা তারা আগে কখনো দেখেনি।

১০০০ ক্ষেপণাস্ত্র ‘লক অ্যান্ড লোডেড’!
ট্রাম্পের হুঁশিয়ারি রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে বিশ্ব রাজনীতিতে। তিনি খোলাখুলি দাবি করেছেন, “আমেরিকার কোনো আসীন প্রেসিডেন্টকে, বিশেষ করে আমাকে হত্যার চেষ্টা করলে তার ফল হবে ভয়াবহ। ১০০০টি ক্ষেপণাস্ত্র ইতিমধ্যেই ‘লক অ্যান্ড লোডেড’ বা ছোড়ার জন্য পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে।” ট্রাম্পের দাবি, সামরিক বাহিনীকে এই ধ্বংসাত্মক অপারেশনের জন্য চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রয়োজনে এই সামরিক প্রস্তুতির মাত্রা আরও বাড়ানো হবে।

গোয়েন্দা রিপোর্ট ও ট্রাম্পের প্রতিক্রিয়া
সম্প্রতি ইসরায়েলি গোয়েন্দাদের তরফে দাবি করা হয়েছিল যে, ট্রাম্পকে হত্যার জন্য নতুন করে ছক কষছে ইরান। যদিও সেই রিপোর্টের সত্যতা নিয়ে ট্রাম্প খুব একটা মাথা ঘামাচ্ছেন না। তিনি বলেন, “ইসরায়েল নতুন কোনো তথ্য দেয়নি। আমি দীর্ঘদিন ধরেই ইরানের হিট লিস্টে এক নম্বরে রয়েছি। এটা এখন আমার জীবনেরই অঙ্গ।” তবে গোয়েন্দা রিপোর্টকে পাত্তা না দিলেও, ইরানকে যে তিনি এক চুলও ছাড়তে রাজি নন, তা তাঁর বক্তব্যে স্পষ্ট।

সম্ভাব্য যুদ্ধের কালো মেঘ
২০২০ সালে ট্রাম্পের নির্দেশে বাগদাদে ড্রোন হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্তা কাসেম সোলেমানির মৃত্যুর পর থেকেই তেহরানের সাথে আমেরিকার সম্পর্ক ‘সাপে-নেউলে’। ইরান বরাবরই হত্যার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করে এলেও, ট্রাম্পের এই সাম্প্রতিক হুঙ্কারি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইরান নতুন করে আলোচনার প্রস্তাব দিলেও, ট্রাম্প প্রশাসন সেই পথ কার্যত বন্ধ করে দিয়েছে। ট্রাম্পের এই ‘১০০০ ক্ষেপণাস্ত্র’-এর হুঁশিয়ারি স্পষ্ট করে দিল যে, বর্তমান যুদ্ধবিরতির শর্ত বা বিধিনিষেধ এখন অতীত। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ক্রমবর্ধমান এই সামরিক টানাপোড়েন আন্তর্জাতিক মহলে ফের নতুন করে যুদ্ধের আশঙ্কা উসকে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *