রাজ্যে UCC নিয়ে বড় পদক্ষেপ! ৯ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন, নেতৃত্বে কে?

রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (UCC) কার্যকর করার পথে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। শুক্রবারই ইঙ্গিত মিলেছিল, শনিবার সরকারিভাবে ৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হলো। রাজ্যের তরফে অভিন্ন দেওয়ানি বিধির খসড়া বিলটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার জন্য এই কমিটি বিশেষ দায়িত্ব পালন করবে।

কমিটির নেতৃত্বে রঞ্জনা প্রকাশ দেশাই
এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। তাঁর নেতৃত্বেই খসড়া বিলটির আইনি ও প্রশাসনিক দিকগুলো খতিয়ে দেখা হবে।

কমিটির বাকি সদস্যরা কারা?
কমিটিতে সমাজের বিভিন্ন স্তরের বিশেষজ্ঞদের রাখা হয়েছে। সদস্যরা হলেন:

তথাগত রায়: মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল।

দুষ্মন্ত নারাইয়ালা: আইএএস অফিসার।

শত্রুঘ্ন সিং: অবসরপ্রাপ্ত আইএএস অফিসার।

ড. রত্না ভট্টাচার্য: বঙ্গবাসী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা।

গোপালচন্দ্র মিশ্র: গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য।

ওসমান গনি মল্লিক: কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট।

নির্মাল্য ভট্টাচার্য: কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট।

শঙ্খমিত্রা ঘোষ: রাজ্যের স্বরাষ্ট্র সচিব (কমিটির আহ্বায়কের দায়িত্বে)।

দিল্লি বৈঠকের পরই তৎপরতা
বৃহস্পতিবারই দিল্লিতে রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। ইউনিফর্ম সিভিল কোড চালুর রূপরেখা কেমন হবে এবং প্রস্তাবিত খসড়া বিলের খুঁটিনাটি নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর। এরপরই শুক্রবার সরকারি স্তরে কমিটির গঠনের ঘোষণা হয় এবং শনিবার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হলো।

রাজ্যের শাসনভার গ্রহণের পর থেকেই অভিন্ন দেওয়ানি বিধি চালু করার বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যথেষ্ট সক্রিয়। রাজনৈতিক মহলের মতে, এই কমিটি গঠনের মাধ্যমেই রাজ্যে ইউসিসি কার্যকরের প্রক্রিয়া কার্যত শুরু হয়ে গেল। এখন দেখার বিষয়, কমিটি তাদের রিপোর্টে কী কী সুপারিশ করে এবং খসড়া বিল চূড়ান্ত হওয়ার পর পরবর্তী পদক্ষেপ কী হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *