বিশেষ: বিশ্বের কোন দেশে সবার আগে শুরু হয় বর্ষবরণ? জেনেনিন সেই দেশের নাম
বছর ঘুরে আবার আমাদের দ্বারপ্রান্তে নতুন বছর। কাল-কালান্তর ধরে এদেশে তিনটি বর্ষের প্রচলন রয়েছে। হিজরি, ইংরেজি ও বাংলা। প্রত্যেক বর্ষেরই আছে আবার বিস্তৃত ইতিহাস। সে ইতিহাস আবার একটু জটিল ও বিশাল। আমাদের সামনে এখন ইংরেজি বছর। আজ দিন পেরুলে কালকের সকাল হবে আমাদের সবার নতুন বছর। ইংরেজি ২০২৩ সাল।
খ্রিস্টিয় বছর তথা গ্রেগরিয়ান ক্যালেন্ডারের হিসেবে ডিসেম্বরের ৩১ তারিখ দিবাগত রাত। এ রাতের ১২টা ১ মিনিটকে ‘থার্টি ফাস্ট নাইট’ মুহূর্ত হিসেবে অভিহিত করা হয়। ঘড়ির কাটায় ১২টা ১ মিনিট বাজলেই শুরু হয়ে যাবে ২০২৩। দেশ-বিদেশে পালিত হবে বর্ষবরণের উৎসব। তবে সব দেশে সময়রেখা তো সমান নয়। কোনো কোনো দেশে সময়ের আগে পরে শুরু হয় বর্ষবরণ। তবে কোন দেশে সবার আগে শুরু হবে বর্ষবরণ? রইল তার হদিস।
পৃথিবীর সব দেশ যাতে একে অন্যের সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে, তার জন্য ইংল্যান্ডের গ্রিনিচ শহরের সময়কে প্রমাণ হিসেবে ধরা হয়। একেই ‘গ্রিনিচ মিন টাইম’ বা জিএমটি বলে। এই রেখা অনুযায়ী প্রশান্ত মহাসাগরের টোঙ্গা, কিরিবাটি ও সামোয়া নামের ছোট ছোট তিনটি দ্বীপে সবার আগে শুরু হবে ১ জানুয়ারি। জিএমটি অনুযায়ী সকাল ১০টায় ২০২৩-এ প্রবেশ করবে এই দ্বীপগুলো। ভারতে তখন বাজবে বিকেল সাড়ে ৩টা।
বিজ্ঞান বলছে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। আর সে কারণেই পূর্ব দিকের দেশগুলোতে সবার আগে সূর্যোদয় হয়। অন্য দিকে, আমেরিকার পশ্চিমে হাওল্যান্ড ও বেকার আইল্যান্ডে সবার শেষে শুরু হবে নতুন বছর। গ্রিনিচে তখন দুপুর ১২টা বাজবে। ভারতে বাজবে বিকেল সাড়ে ৫টা।
সূত্র: আনন্দবাজার