জল্পনার অবসান! দিল্লির ‘শীশ মহল’ কি এবার কালচারাল সেন্টার? কী পরিকল্পনা সরকারের?

দিল্লির রাজনীতিতে একসময় প্রবল বিতর্কের জন্ম দিয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের বাংলো, যা বিজেপি ‘শীশ মহল’ নামে পরিচিতি দিয়েছিল। এবার সেই বিতর্কিত সম্পদকেই ইতিবাচক কাজে লাগানোর পথে হাঁটছে রেখা গুপ্তার নেতৃত্বাধীন দিল্লি সরকার। সরকারি সূত্রে খবর, উত্তর দিল্লির সিভিল লাইন্সের ৬ নম্বর ফ্ল্যাগস্টাফ রোডের এই বাংলোটিকে ‘দিল্লি স্টেট গেস্ট হাউস-কাম-সাংস্কৃতিক কেন্দ্র’ হিসেবে রূপান্তরিত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

এখনও পর্যন্ত দিল্লির নিজস্ব কোনো স্টেট গেস্ট হাউস নেই, ফলে ভিভিআইপি অতিথিদের জন্য সরকারি কোষাগার থেকে মোটা টাকা খরচ করে হোটেলে ব্যবস্থা করতে হয়। এই সমস্যা মেটাতেই এবার কেজরিওয়ালের ব্যবহৃত বাংলোটিকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, বাংলোয় অত্যাধুনিক কনফারেন্স হল, মিটিং রুম এবং একটি নতুন অডিটোরিয়াম তৈরি করা হবে। পাশাপাশি এখানে সাংস্কৃতিক প্রদর্শনী ও সরকারি অনুষ্ঠানও আয়োজিত হবে। পিডব্লিউডি (PWD) ইতিমধ্যেই বাংলোর বর্তমান অবস্থার ওপর রিপোর্ট তৈরি করেছে।

উল্লেখ্য, কেজরিওয়ালের শাসনকালে এই বাংলোর সংস্কারের জন্য প্রায় ৩৩.৬৬ কোটি টাকা খরচ হয়েছিল, যা নিয়ে বিজেপি তীব্র দুর্নীতির অভিযোগ তুলেছিল। অক্টোবর ২০২৪-এ কেজরিওয়াল বাংলো ছাড়ার পর থেকে এটি খালি পড়েছিল। দ্রুত এই প্রস্তাব মন্ত্রিসভার অনুমোদনের জন্য তোলা হবে। বিতর্কিত সম্পত্তিকে সরকারি ও জনকল্যাণমূলক কাজে ব্যবহারের এই সিদ্ধান্তকে রাজনৈতিক পর্যবেক্ষকরা একটি ‘মাস্টারস্ট্রোক’ হিসেবেই দেখছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *