আইটিআর ফাইল করার আগে সাবধান! এই ভুল করলে বাড়বে ট্যাক্সের বোঝা, জেনে নিন সঠিক হিসেব

আয়কর রিটার্ন (ITR) দাখিলের মরশুমে বেতনভোগী কর্মীদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন—পুরানো নাকি নতুন ট্যাক্স রিজিমে যাওয়া উচিত? নতুন রিজিমে করের হার কম হলেও, পুরানো রিজিমে HRA, 80C, 80D এবং NPS-এর মতো একাধিক ছাড় পাওয়া যায়। গ্রান্ট থর্নটন ভারত-এর অংশীদার অখিল চন্দনার মতে, সঠিক রিজিমে বেছে নেওয়া সম্পূর্ণ নির্ভর করে আপনি কতটা ট্যাক্স সাশ্রয় করতে পারছেন তার ওপর।
তুলনার খাতিরে পুরানো রিজিমে ৪.৭৫ লক্ষ টাকার ছাড় (যেমন—১.৫ লক্ষ বিনিয়োগ, HRA, হেলথ ইন্স্যুরেন্স ইত্যাদি) ধরা হয়েছে, অন্যদিকে নতুন রিজিমে শুধুমাত্র ৭৫,০০০ টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যায়। হিসেব অনুযায়ী, ১৫ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে নতুন রিজিমে ২৭,৩০০ টাকা, ২০ লক্ষে ৮৮,৪০০ টাকা এবং ২৫ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে ১.১৭ লক্ষ টাকা পর্যন্ত সাশ্রয় সম্ভব।
তবে এই হিসেব সবার জন্য এক নয়। যদি আপনার HRA ছাড় ২ লক্ষ টাকার বেশি হয় বা হোম লোনের সুদ ও অন্যান্য খাতে বড় অংকের বিনিয়োগ থাকে, তবে পুরানো রিজিমে লাভ বেশি হতে পারে। নানগিয়া অ্যান্ড কো এলএলপি-র পার্টনার নীরজ আগরওয়ালের পরামর্শ, যদি আপনি ৫.৫ লক্ষ বা তার বেশি ছাড় দাবি করতে পারেন, তবে পুরানো রিজিমে থাকাই শ্রেয়। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অনলাইনে ক্যালকুলেটর ব্যবহার করে উভয় সিস্টেমের করের পার্থক্য যাচাই করা জরুরি। মনে রাখবেন, সঠিক পরিকল্পনা করলেই আপনার কষ্টার্জিত আয়ের বড় অংশ ট্যাক্স হিসেবে বেরিয়ে যাওয়া থেকে রক্ষা পাবে।