SPORTS: ফুটবল সম্রাট পেলের বিদায়ে আবেগঘন বার্তায় যা বললেন নেইমার
দীর্ঘদিন ধরেই কোলন ক্যান্সারে ভুগছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। অবশেষে আজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যুর কাছে হার মানলেন এই বিশ্ব ফুটবলের রাজা। দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর প্রায় দুই বছর পর না ফেরার দেশে চলে গেলেন এই কিংবদন্তি।
বছরান্তে এমন বিদায়ে ফুটবল বিশ্ব শোকে মুহ্যমান।
পেলের মৃত্যুতে ফুটবলের পৃথিবী হুরে চলছে শোকের মাতম। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকারা। স্বদেশী মহারাজার মৃত্যুর খবরে হৃদয়ছোঁয়া বার্তায় তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রও।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমার লিখেছেন, পেলের আগে ফুটবল ছিল শুধু একটি খেলা। তিনি ফুটবলকে শিল্পে রূপান্তরিত করেছেন। ফুটবলের সবকিছু বদলে দিয়েছেন।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে নেইমার লিখেছেন, ‘পেলের আগে ১০ শুধু একটি সংখ্যা ছিল। যা আমি আমার জীবনে কোথাও না কোথাও পড়েছি। আমি বলবো, পেলের আগে ফুটবল ছিল শুধু একটি খেলা। পেলে সবকিছু বদলে দিয়েছেন।’
নেইমার আরো লিখেন, ‘তিনি ফুটবলকে শিল্পে, বিনোদনে রূপান্তরিত করেছেন। তিনি ফুটবল ও ব্রাজিলের মর্যাদা উন্নীত করেছেন, রাজাকে ধন্যবাদ! তিনি চলে গেছেন, তার জাদু রয়ে গেছে। পেলে চিরদিনের জন্য।’
উল্লেখ্য, বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে ৮২ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন তিনি।