‘প্রথম বাড়ি, গাড়ি…’, দেবের ‘সবকিছুর প্রথম সাক্ষী আমি’ বললেন শুভশ্রী

নতুন ভূমিকায় দেব, আর তাঁর পাশে পুরনো দিনের সেই চেনা জাদুকরী জুটি। ‘দাদাগিরি সিজন ১১’-এর গ্র্যান্ড ওপেনিংয়ে ফের একবার যেন রূপোলি পর্দার সেই উত্তেজনাই ফিরে এল দর্শকদের মাঝে। নতুন সঞ্চালক হিসেবে দেবের এই পথচলায় প্রথম থেকেই সঙ্গী হিসেবে পাশে রইলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
দাদাগিরির মঞ্চে দেবকে সঞ্চালক হিসেবে পেয়ে শুভশ্রী যেন একাত্ম হয়ে গিয়েছেন। দেবের নতুন ইনিংস নিয়ে অভিনেতা বলেন, “তোমার আসাতে এই মঞ্চে কোথাও একটা সাহস, তৃপ্তি আর শান্তি পেলাম।” সেই সঙ্গে শুভশ্রীকে ধন্যবাদ জানিয়ে দেব বলেন, “তোমাকে ফোন করা, তোমার হ্যাঁ বলা— সবটাই আমার কাছে বিরাট প্রাপ্তি।”
পাল্টা উত্তরে শুভশ্রী দেবের চোখে চোখ রেখে অকপটে স্বীকার করলেন, “তোমার প্রায় সবকিছুর প্রথম সাক্ষী আমি। প্রথম গাড়ি, প্রথম প্রযোজনা, প্রথম পরিচালনা…।” দেবও হাসিমুখে যোগ করেন, “প্রথম বাড়ি, গাড়ি, প্রোডাকশন, ডিরেকশন আর আজ প্রথম দাদাগিরি…।” দুজনের এই কথোপকথন মুহূর্তেই নেটপাড়ায় ঝড় তুলেছে।
‘মালা রে’ গানে আইকনিক পারফরম্যান্স: দীর্ঘদিন পর দেব-শুভশ্রীকে একসঙ্গে নাচতে দেখে উচ্ছ্বসিত ভক্তরা। অনুষ্ঠানের এক পর্যায়ে তাঁদের জনপ্রিয় গান ‘মালা রে’-এর তালে জমিয়ে নাচতে দেখা যায় দুজনকে। সেই সঙ্গে পরস্পরের উষ্ণ আলিঙ্গন ছিল উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ (USP)। প্রাক্তন জুটির এই কেমিস্ট্রি দর্শকদের মনে ফের একবার পুরনো স্মৃতি জাগিয়ে তুলেছে।
নতুন ছবির অপেক্ষায় দর্শকরা: বর্তমানে দুজনেই ব্যস্ত তাদের আপকামিং ছবি ‘দেশু ৭’-এর শুটিং নিয়ে। এই ছবির মাধ্যমেই পরিচালনায় অভিষেক করছেন দেব। দুর্গাপূজার সময় ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। শ্যুটিংয়ের পাশাপাশি দাদাগিরি শোয়ের সঞ্চালনা— সব মিলিয়ে এই বছরটা দেবের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর সেই নতুন সফরের শুরুতেই শুভশ্রীর উপস্থিতি যেন দেবের আত্মবিশ্বাস আরও কয়েক গুণ বাড়িয়ে দিল।
প্রাক্তন জুটির এই রসায়ন যে দাদাগিরির নতুন সিজনকে শুরুতেই এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে, তা বলাই বাহুল্য।