মাহিন্দ্রাকে টপকে টাটার বড় জয়! গাড়ি বিক্রির নিরিখে দেশের বাজারে দ্বিতীয় স্থানে টাটা মোটরস

২০২৬ সালের জুন মাসে ভারতের গাড়ির বাজারে দেখা গেল এক বড় চমক। বাজারে নতুন মডেলের চাহিদা, সিএনজি ও ইলেকট্রিক গাড়ির জনপ্রিয়তার হাত ধরে এই মাসে প্রায় ৪ লক্ষ গাড়ি বিক্রি হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ২৪% বেশি। এই লড়াইয়ে মারুতি সুজুকি যথারীতি নিজেদের আধিপত্য বজায় রাখলেও, চমক দেখিয়েছে টাটা মোটরস।
বিক্রির লড়াইয়ে কারা কোথায়?
-
প্রথম স্থান (মারুতি সুজুকি): ১,৫০,১৫০টি গাড়ি বিক্রি করে মারুতি সুজুকি একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে। তাদের এই সাফল্যের মূল চাবিকাঠি ছিল সিএনজি চালিত গাড়ির ব্যাপক চাহিদা এবং শক্তিশালি রপ্তানি।
-
দ্বিতীয় স্থান (টাটা মোটরস): জুন মাসে ৬২,০৭৬টি গাড়ি বিক্রি করে টাটা মোটরস মাহিন্দ্রাকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান দখল করেছে। পাঞ্চ ও নেক্সন এসইউভির মতো জনপ্রিয় মডেলের হাত ধরেই এই সাফল্য এসেছে।
-
তৃতীয় স্থান (মাহিন্দ্রা): মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ৬০,৩৯৩টি গাড়ি বিক্রি করে তৃতীয় স্থানে নেমে এসেছে। তবে গত বছরের তুলনায় কোম্পানিটি ৩৭% প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে।
হুন্দাইয়ের ধাক্কা: জুন মাসে বিক্রির বিচারে বড়সড় ধাক্কা খেয়েছে হুন্দাই। তাদের অভ্যন্তরীণ বিক্রি ১০% কমে ৩৯,৬৩৫ ইউনিটে দাঁড়িয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, সাপ্লাই চেইন বা সরবরাহকারী কারখানায় অগ্নিকাণ্ডের কারণে প্রায় ২২ দিন উৎপাদন ব্যাহত হওয়ার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে দ্রুতই তারা পুরনো ছন্দে ফিরবে বলে আশাবাদী।
ছোট কোম্পানির সাফল্য: কিয়া ইন্ডিয়া (২৪,৫৫২টি), জেএসডব্লিউ এমজি মোটর (৭,৫৬৮টি) এবং নিসান (৩,০০৬টি) ভালো পারফর্ম করেছে। সিএনজি এবং হাইব্রিড প্রযুক্তির প্রতি গ্রাহকদের আগ্রহ বাড়ায় ছোট ও মাঝারি কোম্পানিগুলোও এই প্রতিযোগিতায় নতুন করে শক্তি দেখাচ্ছে।
ভবিষ্যৎ চ্যালেঞ্জ: অটো শিল্পের বিশেষজ্ঞরা মনে করছেন, পেট্রোল-ডিজেলের পরিবর্তে এখন ক্রেতাদের পছন্দ সিএনজি, ইলেকট্রিক ও হাইব্রিড। তবে আগামী দিনে বিশ্ববাজারের অস্থিরতা, যুদ্ধের সম্ভাবনা এবং গাড়ির ক্রমবর্ধমান মূল্য ভারতীয় অটোমোবাইল শিল্পের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।