অভিষেকের সেই ক্লাব এবার ডাক পেল না ডুরান্ডে? জেনেনিন কেন?

ফুটবলপ্রেমীদের জন্য সুখবর থাকলেও, কিছুটা হলেও বিতর্কের ছায়া ১৩৫তম ডুরান্ড কাপের ওপর। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ‘ডায়মন্ড হারবার এফসি’ (DHFC) এবার ডুরান্ড কাপের তালিকায় জায়গা পায়নি। গত বছরের রানার-আপ হওয়া সত্ত্বেও ক্লাবটিকে বাদ দেওয়ার কারণ হিসেবে ডুরান্ড কাপ আয়োজক কমিটি জানিয়েছে, ক্লাবটির বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ রয়েছে, যা নিয়ে বর্তমানে তদন্ত চলছে।

টুর্নামেন্টের খুঁটিনাটি এক নজরে:

  • শুরু ও শেষ: ২৫ জুলাই কলকাতায় শুরু হবে এই টুর্নামেন্ট, ফাইনাল ২৩ অগাস্ট।

  • ভেন্যু: কলকাতা, রাঁচি, ইম্ফল, গুয়াহাটি ও শিলং—এই পাঁচটি শহরে আয়োজিত হবে ম্যাচগুলো।

  • দল: মোট ২৪টি দল ৬টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। এবারের টুর্নামেন্টে ৭টি নতুন দল অভিষেক করছে, যার মধ্যে রয়েছে শ্রীলঙ্কার সশস্ত্রবাহিনীর দল ‘ডিফেন্ডারর্স এফসি’।

গ্রুপ পর্বে ফের ডার্বির উত্তেজনা: এবারের টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ হলো গ্রুপ এ-তে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের উপস্থিতি। বেশ কয়েক বছর ধরেই তাদের একই গ্রুপে রাখা হচ্ছে। ফলে টুর্নামেন্টের শুরুতেই ডার্বির উত্তেজনায় ফুটবে কলকাতা। সূত্রের খবর, অগাস্টের দ্বিতীয় সপ্তাহে দেখা যেতে পারে মরশুমের প্রথম ডার্বি।

কোন শহরে কত ম্যাচ? কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন ও কিশোর ভারতী স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ছাড়াও দুটি গ্রুপের খেলা হবে। এছাড়াও কলকাতায় দুটি কোয়ার্টার ফাইনাল এবং একটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। নকআউট পর্বের বাকি ম্যাচগুলো রাঁচি ও শিলংয়ে ভাগ করে দেওয়া হয়েছে। ২৩ অগাস্ট যুবভারতীতেই বসবে টুর্নামেন্টের গ্র্যান্ড ফিনাল।

একদিকে যখন ডুরান্ড কাপ ঘিরে সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে, অন্যদিকে ডায়মন্ড হারবার এফসি-র মতো শক্তিশালী দলের বাদ পড়া ফুটবল মহলে বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *