ফর্ম একবার, সুবিধা একাধিক! অন্নপূর্ণা যোজনার ‘গোপন’ রহস্য ফাঁস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যজুড়ে চলছিল নানা জল্পনা। বিশেষ করে এই প্রকল্পের জন্য কেন ১২ পাতার দীর্ঘ ফর্ম পূরণ করতে হচ্ছে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছিল। অবশেষে সব ধোঁয়াশা দূর করে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানালেন, কেন এই বিশাল ফর্মের প্রয়োজন এবং এর ফলে উপভোক্তারা ভবিষ্যতে কী বিশেষ সুবিধা পেতে চলেছেন।
কেন ১২ পাতার ফর্ম? মুখ্যমন্ত্রী জানান, এই ফর্মটি আসলে একটি ‘মাস্টার ডেটাবেস’ হিসেবে কাজ করবে। তিনি বলেন, “১২ পাতার ফর্মের মধ্যে মাত্র ৪ পাতা ছিল পূরণ করার মতো। একবার আপনি এই ফর্ম পূরণ করে পোর্টালে আপলোড করে দিলে, আপনাকে ভবিষ্যতে আর কেন্দ্র বা রাজ্যের অন্যান্য প্রকল্পের জন্য নতুন করে ফর্ম পূরণ করতে হবে না। আপনার সমস্ত তথ্য এই একটি ফর্ম থেকেই নেওয়া হবে।” অর্থাৎ, এক ঢিলে একাধিক পাখি মারার কৌশল নিয়েছে রাজ্য সরকার।
টাকা পেলেন কতজন? অন্নপূর্ণা যোজনা নিয়ে মুখ্যমন্ত্রী আজ এক বড় আপডেট দিয়েছেন:
-
আবেদন: প্রায় ১ কোটি ৬০ লক্ষ মানুষ আবেদন করেছিলেন।
-
বাতিল: মাপকাঠি পূরণ না হওয়ায় প্রায় ২৬ লক্ষ ফর্ম বাতিল হয়েছে।
-
বণ্টন: যোগ্য বিবেচিত ১ কোটি ৯ লক্ষ ৯২ হাজার ৩৭৮ জনের অ্যাকাউন্টে আজ দুপুর ১টা থেকেই টাকা পাঠানো শুরু হয়েছে। বাকিদের টাকাও রাত ১২টার মধ্যে পৌঁছে যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
এখনও আবেদনের সুযোগ: যারা এখনও ফর্ম পূরণ করতে পারেননি, তাঁদের জন্য বড় স্বস্তি দিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, পুরো জুলাই এবং অগাস্ট মাস পর্যন্ত ফর্ম জমা দেওয়ার সুযোগ থাকছে। তাই যারা এখনও এই প্রক্রিয়ার বাইরে, তাঁদের দ্রুত ফর্ম পূরণের আবেদন জানিয়েছেন তিনি।