তারাতলা কাণ্ডের জের! নড়েচড়ে বসল পুরসভা, বহুতল নির্মাণে জারি হলো কড়া নিয়ম

তারাতলার বহুতল বিপর্যয়ের ঘটনার পর থেকেই নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন ও কলকাতা পুরসভা। শহরজুড়ে নির্মাণকাজে কঠোর নজরদারি চালাতে এবার নজিরবিহীন পদক্ষেপ নিল পুরসভা। শহরের প্রতিটি নির্মীয়মাণ বহুতলের জন্য নতুন ফর্ম বাধ্যতামূলক করার পাশাপাশি গঠন করা হলো বিশেষ অডিট টিম।
কী জানাচ্ছে পুরসভা? কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে জানিয়েছেন, শহরের সমস্ত নির্মীয়মাণ বহুতলের অথরিটিকে নতুন করে একটি ফর্ম পূরণ করতে হবে। এই ফর্মটি যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট বরো অফিস অথবা পুরসভার ই-মেইল ঠিকানায় জমা দিতে হবে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই শহরের সমস্ত নির্মীয়মাণ বহুতলের কাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তারাতলার ঘটনায় জড়িত আর্কিটেক্ট, ডিজাইনার ও প্ল্যানারদের ব্ল্যাক লিস্ট করার প্রক্রিয়াও শুরু হয়েছে।
১৬টি বরো-তে ১৬টি অডিট টিম: শহরের নিরাপত্তা সুনিশ্চিত করতে কলকাতা পুরসভার ১৬টি বরোর জন্য ১৬টি পৃথক অডিট টিম গঠন করা হয়েছে। এই বিশেষ দলগুলোতে পুরসভার বিভিন্ন বিভাগের পাশাপাশি যুক্ত করা হয়েছে পিডব্লিউডি (PWD), কেএমডিএ (KMDA), শ্রম দপ্তর এবং কলকাতা পুলিশকে। অডিটের পর সমস্ত নিয়ম মেনে চললে তবেই মিলবে নির্মাণ কাজ চালানোর ছাড়পত্র।
নির্মাণের ক্ষেত্রে কঠোর নজরদারি: শহরের আবাসন নির্মাণে যে ধরনের অনিয়ম সামনে আসছে, তা ঠেকাতেই এই সমন্বিত অডিট ব্যবস্থা। অডিট টিমের পক্ষ থেকে নির্মাণস্থলের নিরাপত্তা, প্রয়োজনীয় নথিপত্র এবং গঠনগত কাঠামোর কঠোর যাচাই করা হবে। শহরের যেকোনো প্রকার বিপর্যয় এড়াতে এই নতুন পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের বিশেষজ্ঞরা।