পশ্চিমবঙ্গে আসছে UCC! বিধানসভায় বড় ঘোষণা শুভেন্দুর, খসড়ায় কী কী থাকছে?

পশ্চিমবঙ্গের বিধানসভায় ওবিসি সংশোধনী বিল এবং গুন্ডা দমন বিল পাশের আবহেই রাজ্যের অভিন্ন দেওয়ানি বিধি বা ‘ইউনিফর্ম সিভিল কোড’ (UCC) নিয়ে বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় এদিন তিনি স্পষ্ট জানিয়ে দেন, সরকার ইউসিসি কার্যকর করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।
২ জুলাই মন্ত্রিসভায় খসড়া: বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সরকার এই বিল আনার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছে। আগামী ২ জুলাই রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে ইউসিসির খসড়া পেশ করা হবে। উত্তরাখণ্ড, গুজরাত এবং আসামের মডেল অনুসরণ করেই এই বিলের কাঠামো তৈরি করা হচ্ছে বলে জানান তিনি।
কী থাকছে এই বিলে? মুখ্যমন্ত্রী জানান, এই বিলের খসড়া তৈরির জন্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে শিক্ষাবিদ, সমাজকর্মী এবং একজন আইএএস অফিসারসহ একটি টাস্ক ফোর্স কাজ করবে। মূলত ৯টি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করা হবে, যার মধ্যে রয়েছে:
-
বিয়ে ও বিবাহবিচ্ছেদ।
-
লিভ-ইন রিলেশনশিপ।
-
উত্তরাধিকার আইন।
কাদের জন্য ছাড়? উত্তরাধিকার সূত্রে পাওয়া অধিকার বা প্রাচীন জনজাতি ও মূলবাসীদের এই আইনের আওতার বাইরে রাখা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিরোধী পক্ষের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের বিরোধিতা করার অধিকার আছে, কিন্তু আগে খসড়াটি দেখুন। আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘এক দেশ, এক নিসান, এক আইন’—এই নীতি মেনেই এগিয়ে চলছি।”
কমিটিকে খসড়া জমা দেওয়ার জন্য চার সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। জনমত সংগ্রহের জন্য সংশ্লিষ্ট সকলের মতামত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের কমিটির কাছে জানানোর আহ্বানও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।