অগস্টেই বাংলায় আসছে UCC! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বিধানসভায় তোলপাড়

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি বিধি (UCC) কার্যকর করার পথে হাঁটছে রাজ্য সরকার। সোমবার বিধানসভায় দাঁড়িয়ে এই ঐতিহাসিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী অগস্ট মাসের মধ্যেই এই বিল কার্যকর করার লক্ষ্যমাত্রা স্থির করেছে সরকার।

অগস্টেই কার্যকর UCC:

বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, আগামী ২ জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বিলের খসড়া অনুমোদনের জন্য পেশ করা হবে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের কমিটি বা টাস্ক ফোর্সের সুপারিশের ভিত্তিতেই এই বিল চূড়ান্ত করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, “আমি সদনকে আশ্বস্ত করছি, অগস্টেই এই বিল নিয়ে আসব এবং পশ্চিমবঙ্গে তা কার্যকর হবে।”

কাদের জন্য ছাড়?

এই বিলে একটি বিশেষ ক্ষেত্রকে রেহাই দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন যে, রাজ্যের আদিবাসী এবং কুড়মি সম্প্রদায়-সহ অন্যান্য প্রাচীন মূলবাসী জনজাতিরা এই আইনের আওতার বাইরে থাকবেন। তাঁদের নিজস্ব সামাজিক প্রথা ও রীতিনীতি অক্ষুণ্ণ রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সরকারের রণকৌশল:

মুখ্যমন্ত্রীর কথায়, “উত্তরাখণ্ড, গুজরাত ও অসমের পথ অনুসরণ করেই আমরা এই বিল আনছি। আমাদের লক্ষ্য একটাই—এক দেশ, এক বিধান।” তিনি আরও জানান, ধর্মের ভিত্তিতে আলাদা আইন চলার দিন শেষ, রাজ্যে একটিই অভিন্ন আইন কার্যকর হবে।

টাস্ক ফোর্সে কারা থাকছেন?

অভিন্ন দেওয়ানি বিধি খতিয়ে দেখার জন্য গঠিত উচ্চপর্যায়ের এই কমিটিতে থাকছেন:

  • চেয়ারপার্সন: সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাই।

  • অন্যান্য সদস্য: একজন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার, একজন আইন বিশেষজ্ঞ, একজন শিক্ষাবিদ, একজন সমাজকর্মী এবং একজন অ্যাডিশনাল সেক্রেটারি জেনারেল।

বিধানসভায় এই ঘোষণার সময় শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তীব্র উত্তজনা ছড়ায়। তবে সমস্ত বিতর্ক উড়িয়ে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, নির্বাচনী সংকল্পপত্র মেনে এই বিল আনা হবেই, তা নিয়ে কোনো সংশয় নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *