ভোররাতে অভিষেকের বাড়িতে পুলিশের হানা! কড়া নির্দেশ হাইকোর্টের, তলব রিপোর্ট

শালবনিতে সরকারি জমি বিক্রির মামলার তদন্তে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে পুলিশের আকস্মিক তল্লাশিকে ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র শোরগোল। এই ঘটনায় পুলিশের ‘অতি সক্রিয়তা’ এবং নিয়ম বহির্ভূত তল্লাশির অভিযোগে সরব হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল। সোমবার এই মামলার শুনানিতে পুলিশকে রিপোর্ট তলব করার পাশাপাশি গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।
কী নির্দেশ দিল হাইকোর্ট?
বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন যে, ১৩ জুন ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ এবং তল্লাশির সময়ের অডিও-ভিডিও রেকর্ড অবশ্যই সংরক্ষণ করতে হবে। এই বিষয়ে পুলিশকে চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর পরবর্তী দুই সপ্তাহের মধ্যে তার জবাবি হলফনামা পেশ করবে মামলাকারী তৃণমূল কংগ্রেস। তবে আপাতত এই মামলায় কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশ দিচ্ছে না আদালত।
তৃণমূলের অভিযোগ কী?
শুনানি চলাকালীন তৃণমূলের আইনজীবী কিশোর দত্ত অভিযোগ করেন, কোনো রকম ওয়ারেন্ট ছাড়াই রাত ৩টে নাগাদ পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির হয়। এরপর ভোর ৫টা নাগাদ বিপর্যয় মোকাবিলা বাহিনীকে (Disaster Management Team) ডেকে বাড়ির তালা ভেঙে তল্লাশি চালানো হয়। আইনজীবীর দাবি, দায়ের হওয়া এফআইআর-এ কোথাও অভিষেকের নাম নেই, রয়েছে শুধু তাঁর আপ্তসহায়ক সুমিত রায়ের নাম। সুমিত রায় সেখানে আছেন, এই সন্দেহের বশেই পুলিশের এমন আচরণ ক্ষমতার চরম অপব্যবহার বলে দাবি করেছে তৃণমূল।