শিশুর পুষ্টি ও স্বাস্থ্যের বার্তা, অভিনব উদ্যোগে তাক লাগাল গাইঘাটার পঞ্চায়েত

গণবিবাহ বা গণসংবর্ধনার কথা শোনা গেলেও, এমন এক অভিনব ‘গণঅন্নপ্রাশন’ অনুষ্ঠান সচরাচর দেখা যায় না। শিশুর পুষ্টি, স্বাস্থ্য সচেতনতা এবং সামাজিক মেলবন্ধনের বার্তা দিতে উত্তর ২৪ পরগনার গাইঘাটার ফুলসরায় আয়োজিত হলো এক দারুণ অনুষ্ঠান। শনিবার এই অভিনব অনুষ্ঠানে সামিল হলো ৩৭টি শিশু এবং তাদের পরিবার।
কী ছিল এই আয়োজনে? পঞ্চায়েতের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এই অনন্য অনুষ্ঠানের। গ্রামের ৩৭টি শিশুকে অনুষ্ঠান বাড়িতে এনে ধুমধাম করে পালন করা হয় তাদের মুখেভাতের অনুষ্ঠান। মাথায় ধান-দূর্বার আশীর্বাদ আর কপালে শ্বেতচন্দনের ফোঁটা দিয়ে শিশুদের নতুন ধানের পায়েসে মুখেভাতের সূচনা করা হয়। সাজ সাজ রব পড়ে যায় পুরো এলাকায়।
একইসঙ্গে পুষ্টি সচেতনতার পাঠ শুধু অন্নপ্রাশন নয়, এই অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য ছিল নবজাতকদের সুস্বাস্থ্য নিশ্চিত করা। অনুষ্ঠানে উপস্থিত মায়েদের জন্য যেমন সুস্বাদু ফ্রায়েড রাইস ও ডিমের কষা ছিল, তেমনই শিশুদের সুস্থ বিকাশের জন্য পুষ্টির প্রয়োজনীয়তা নিয়েও সচেতন করা হয় মায়েদের। হাসি-খুনসুটি আর গল্পে মায়েরা এদিন শিশুর স্বাস্থ্য সুরক্ষার সহজপাঠও নিয়েছেন।
সাফল্য ও খুশি পরিবারগুলো পঞ্চায়েতের এই উদ্যোগে অত্যন্ত খুশি স্থানীয় বাসিন্দারা। অন্নপ্রাশনের মতো একটি পারিবারিক অনুষ্ঠানকে সামাজিক উৎসবে রূপান্তর করার এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন সকলে। অনুষ্ঠানের উদ্যোক্তাদের মতে, এইভাবে গণঅন্নপ্রাশনের মাধ্যমে শিশুর পুষ্টি সম্পর্কে সাধারণ মানুষকে আরও বেশি করে সচেতন করা সম্ভব।
একটি অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা এবং উৎসবের এই মেলবন্ধন গাইঘাটার ফুলসরা এলাকায় এক নজিরবিহীন উদাহরণ সৃষ্টি করল।