মদের আসর আর দাপট শেষ, বহরমপুরে তৃণমূল নেতার বাগানবাড়ি ধূলিসাৎ করল প্রশাসন

‘ঘোষ প্যালেস’। গেটের ফলকে লেখা ছিল, ‘বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ’। সেই দাপট আর আভিজাত্যে ইতি টেনে অবশেষে চলল বুলডোজার। সরকারি জায়গা দখল করে গড়ে তোলা বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি পাপাই ঘোষের শখের বাগানবাড়ি শনিবার গুঁড়িয়ে দিল প্রশাসন।

বহরমপুর পুরসভা এলাকার সৈদাবাদ বাঙালপাড়ায় প্রায় পাঁচ কাঠা জমির ওপর গড়ে উঠেছিল এই সুসজ্জিত বাগানবাড়ি। এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ ছিল, এই বাগানবাড়িকে কেন্দ্র করে চলত মদের আসর এবং উচ্চস্বরে ডিজে বাজিয়ে দেদার হৈ-হুল্লোড়। স্থানীয় বাসিন্দাদের দাবি, ভয়ে কেউ কখনও প্রতিবাদ করার সাহস পাননি।

রাজনৈতিক পট পরিবর্তনের পর বর্তমানে বেআইনি আগ্নেয়াস্ত্র মজুতের অভিযোগে পলাতক পাপাই ঘোষ। তাঁর খোঁজে ভিন রাজ্যেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। এর মধ্যেই প্রশাসনিকভাবে বেআইনি জবরদখল উচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়। সূত্রের খবর, প্রায় ১০ দিন আগেই বাগানবাড়িটি ভেঙে জায়গা খালি করার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। সেই সময়সীমা শেষ হতেই আজ প্রশাসনের কঠোর পদক্ষেপে ধূলিসাৎ হয়ে গেল তৃণমূল নেতার এই ‘সাম্রাজ্য’।

এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীদের দাবি, আইন আইনের পথেই চলছে। অন্যদিকে, পলাতক নেতার বাগানবাড়ি ভাঙার ঘটনা তৃণমূলের অন্দরেও অস্বস্তি বাড়িয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *