নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের পথে সরকার: পশ্চিমবঙ্গেও কি আসছে UCC? বড় ইঙ্গিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (UCC) বাস্তবায়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা কার্যকরের প্রক্রিয়া এখন জোরকদমে শুরু হয়েছে। সব ঠিক থাকলে উত্তরাখণ্ড, গুজরাট এবং আসামের পর চতুর্থ রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গেও UCC লাগু হতে পারে।
বাংলার পথে বড় বদল উত্তরাখণ্ড এবং আসামে ইতিমধ্যেই ইউসিসি বাস্তবায়নের প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে। সেই একই মডেল অনুসরণ করে পশ্চিমবঙ্গেও এই আইন আনার তোরজোড় চালাচ্ছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ছয় মাসের মধ্যেই এই বড় পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত মিলেছে সরকারি মহলে।
কেন এই আইন? ইউসিসি বাস্তবায়নের মূল লক্ষ্য হলো ধর্মের ভিত্তিতে আলাদা ব্যক্তিগত আইন বিলোপ করে সমস্ত নাগরিকের জন্য একটি অভিন্ন পারিবারিক আইন তৈরি করা। বিজেপি দীর্ঘদিন ধরেই দেশের প্রতিটি রাজ্যে এই আইন প্রবর্তনের পক্ষে সওয়াল করে আসছে। পশ্চিমবঙ্গেও এই আইন চালুর মাধ্যমে সামাজিক সংস্কারের দাবি তুলেছে সরকার।
রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই উদ্যোগকে রাজনৈতিক বিশ্লেষকরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। বিজেপির ‘বড় প্রতিশ্রুতি’ পূরণের মাধ্যমে একদিকে যেমন সরকার নিজের দৃঢ়তার পরিচয় দিতে চাইছে, অন্যদিকে এটি আগামী দিনে রাজ্যের সামাজিক ও আইনগত কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে পারে। তবে এই বিল পেশ ও তা বাস্তবায়নের ক্ষেত্রে আইনগত ও সামাজিক চ্যালেঞ্জ কী হতে পারে, তা নিয়ে ইতিমধ্যেই বিরোধী মহলে আলোচনা শুরু হয়েছে।
এখন দেখার বিষয়, বিধানসভায় এই বিল কখন পেশ করা হয় এবং তা কার্যকর করার ক্ষেত্রে প্রশাসনিক রোডম্যাপ কী হয়। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু যে ইউসিসি চালুর ক্ষেত্রে হিমন্ত বিশ্ব শর্মা বা পুষ্কর সিং ধামিদের পথেই হাঁটতে চলেছেন, তা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে ক্রমশ স্পষ্ট হচ্ছে।