খবরের কাগজের ঠোঙায় খাবার খাওয়া এখন অতীত! বড় নিষেধাজ্ঞা জারি মহারাষ্ট্রে

রাস্তার ধারের গরম পকোড়া কিংবা বড়া পাও—এই খাবারগুলোর সাথে খবরের কাগজের ঠোঙার সম্পর্ক বহু পুরনো। কিন্তু স্বাস্থ্যের খাতিরে এবার এই অভ্যাসে ইতি টানল মহারাষ্ট্র সরকার। খবরের কাগজ বা রিসাইকেল করা ছাপানো কাগজে খাবার মোড়ানো, পরিবেশন বা সংরক্ষণ করার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) এবং ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া (FSSAI)।

কেন এই কড়া নিষেধাজ্ঞা? বিশেষজ্ঞদের মতে, খবরের কাগজে ব্যবহৃত ছাপার কালিতে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ থাকে। গরম খাবার যখন কাগজের সংস্পর্শে আসে, তখন সেই বিষাক্ত কালি খাবারে মিশে যাওয়ার আশঙ্কা থাকে। দীর্ঘমেয়াদে এই অভ্যাসের ফলে শরীরের ভেতর নানা জটিল রোগ বাসা বাঁধতে পারে। জনস্বাস্থ্য রক্ষার্থেই এমন কড়া পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।

অভিযানে বেরিয়ে এল ভয়ংকর ছবি নিষেধাজ্ঞা জারির পর মহারাষ্ট্র জুড়ে শুরু হয়েছে ধরপাকড়। সম্প্রতি মুম্বইয়ের একটি বড়া পাওয়ের দোকানে অভিযান চালিয়ে দেখা যায়, দেদারসে ব্যবহৃত হচ্ছে পুরনো খবরের কাগজ। এফডিএ এবং এফএসএসএআই-এর যৌথ অভিযানে মাত্র কয়েকদিনের ব্যবধানে মোট ৫৫টি খাবারের দোকান পরীক্ষা করা হয়। যার মধ্যে ২৬টি দোকানেই নিয়ম অমান্য করে খবরের কাগজে খাবার পরিবেশন করার চিত্র উঠে এসেছে।

কড়া ব্যবস্থা নিচ্ছে প্রশাসন সরকারি নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, শুধুমাত্র খবরের কাগজ নয়, রিসাইকেল করা যেকোনো ছাপানো কাগজ দিয়ে খাবার মোড়ানো আইনত দণ্ডনীয় অপরাধ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যারা নিয়ম মানবে না, তাদের বিরুদ্ধে ফুড সেফটি আইনের অধীনে কড়া ব্যবস্থা নেওয়া হবে। মুম্বইসহ সারা মহারাষ্ট্রের দোকানদারদের সতর্ক করা হয়েছে, যেন অবিলম্বে তারা কাগজের ঠোঙার বিকল্প হিসেবে স্বাস্থ্যকর মোড়ক ব্যবহার করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *