ঐতিহাসিক রেড রোডে যোগমগ্ন প্রধানমন্ত্রী! যোগ দিবসে কলকাতাকে বিশেষ বার্তা মোদীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের বিশেষ আয়োজনে এবার কেন্দ্রবিন্দুতে কলকাতা। শহরের ঐতিহাসিক রেড রোডে হাজার হাজার মানুষের সঙ্গে যোগাসনে অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার পবিত্র ভূমি থেকে যোগের বিশ্বজনীন বার্তা ছড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “যোগ শুধু কয়েকটি আসন বা শরীরচর্চা নয়, এটি মানব ঐক্যের ভিত্তি এবং উন্নততর ভবিষ্যতের চাবিকাঠি।”
বাংলা থেকে মোদীর বিশেষ বার্তা: এদিন সকালে কলকাতার রেড রোডে যোগাভ্যাস শেষে প্রধানমন্ত্রী আবেগঘন কণ্ঠে স্মরণ করেন বাংলার মহান সন্তানদের। তিনি বলেন, “বাংলার এই পবিত্র ভূমি থেকেই স্বামী বিবেকানন্দ যোগের জয়গান বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছিলেন। এখানেই অবতার গ্রহণ করেছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসের মতো সিদ্ধপুরুষ এবং এখানেই জন্ম হয়েছিল মহর্ষি অরবিন্দের মতো মহান যোগীর।” বাংলার এই আধ্যাত্মিক আবহ থেকে যোগের শক্তি সারা দেশে ছড়িয়ে পড়ছে বলে তিনি মন্তব্য করেন।
যোগ কেন অপরিহার্য? প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে যোগের গুরুত্ব তুলে ধরে বলেন, “আজকের কর্মব্যস্ত জীবনে ব্যক্তিগত সুস্থতার জন্য যেমন যোগ অপরিহার্য, তেমনই একটি উন্নত বিশ্ব ও শান্তিময় ভবিষ্যতের জন্যও যোগের প্রয়োজনীয়তা অপরিসীম।” তিনি আরও বলেন, ২১ জুন বছরের দীর্ঘতম দিন। আর এখন এই দিনটি আন্তর্জাতিক যোগ দিবসের হাত ধরে বিশ্বের বৃহত্তম সম্মিলিত সমাবেশের দিনেও পরিণত হয়েছে।
বিশ্বজুড়ে যোগের জোয়ার: এদিন প্রধানমন্ত্রী সারা বিশ্বের মানবজাতিকে আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬-এর শুভেচ্ছা জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, হিমালয় থেকে ভারত মহাসাগর—আজ গোটা ভারতেই যোগের এক অভূতপূর্ব জাগরণ দেখা যাচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা যোগ দিবসের অসাধারণ সব ছবি মানব ঐক্যের এক অনন্য নিদর্শন স্থাপন করেছে।