রাজ্যবাসীর জন্য সুখবর! ১২৫ দিনের কাজ কবে থেকে? দিনক্ষণ ঘোষণা করলেন মন্ত্রী দিলীপ ঘোষ

রাজ্যের বেকার সমস্যা দূর করতে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বড় ঘোষণা করলেন মন্ত্রী দিলীপ ঘোষ। রবিবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে নিউটাউনের বিশ্ব বঙ্গ কনভেনশন সেন্টারের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানালেন, আগামী এক মাসের মধ্যেই রাজ্যে ১২৫ দিনের কাজের প্রকল্প— ‘জিরামজি’ (G RAM G) আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে।

বড় ঘোষণা ও লক্ষ্য: অনুষ্ঠানের মঞ্চ থেকে দিলীপ ঘোষ রাজ্য সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি স্পষ্ট করেন যে, রাজ্যের যুবকদের অন্য রাজ্যে গিয়ে জীবিকা নির্বাহ করার প্রবণতা কমাতে সরকার বদ্ধপরিকর। মন্ত্রী বলেন, “রাজ্যের ৪০-৫০ লক্ষ যুবক কাজের সন্ধানে বাইরে গিয়ে থাকেন। আমরা চাই, তারা যেন এই রাজ্যেই কাজ পান। পরিবেশ পরিবর্তনের জন্য আমাদের ২-৪ মাস সময় প্রয়োজন, তবে জিরামজি প্রকল্পের কাজ আগামী ১ মাসের মধ্যেই শুরু হবে।”

শিল্প ও উন্নয়নের ওপর জোর: রাজ্যের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এদিন সরব হতে দেখা যায় মন্ত্রীকে। তিনি বলেন, একসময় দেশের জিডিপিতে এই রাজ্যের ২৪ শতাংশ অবদান থাকত। বর্তমান পরিস্থিতি বদলে সেই হার পুনরুদ্ধার করতে হলে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সঠিক শিল্প ও জমি নীতি (Land & Industry Policy) প্রয়োজন বলে তিনি মত প্রকাশ করেন। তিনি আরও বলেন, “এখানে কাজের পরিবেশ তৈরি করতে হবে। আগের সরকারের আমলে রাজ্যে চাকরির দুরাবস্থা তৈরি হয়েছিল, আমাদের মূল লক্ষ্য হলো সেই পরিবেশ বদলে নতুন সুযোগ সৃষ্টি করা।”

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ‘সবকা সাথ, সবকা বিকাশ’ মন্ত্রকে পাথেয় করেই এই নতুন প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ওপর জোর দিচ্ছেন মন্ত্রী। এখন দেখার বিষয়, ১ মাসের মধ্যে এই প্রকল্প শুরুর ঘোষণা রাজ্যের কর্মসংস্থান পরিস্থিতিতে কতটা প্রভাব ফেলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *