শক্তি শালী মার্কিন ডলার, ভারতীয় মুদ্রার দরে রেকর্ড পতন, অর্থনীতিতে কালোমেঘের ছায়া

মার্কিন ডলারের বিপরীতে রেকর্ড দরপতন হলো ভারতীয় মুদ্রার। সোমবার (৯ মে) প্রতি ডলারের বিপরীতে ভারতীয় টাকার মান নেমে দাঁড়িয়েছে ৭৭ দশমিক ৪৬, যা সর্বকালের অন্যতম সর্বনিম্ন।

বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, সোমবার দিনের শুরুর দিকে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মান কমতে কমতে একপর্যায়ে রেকর্ড ৭৭ দশমিক ৫২ টাকাতে পৌঁছায়। তবে পরে সামান্য বেড়ে ৭৭ দশমিক ৪৬-এ গিয়ে স্থির হয়।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, ডলারের বিপরীতে এর আগে ভারতীয় মুদ্রার সর্বনিম্ন মানের রেকর্ড হয়েছিল গত মার্চে, ৭৬ দশমিক ৯৮ টাকা। সোমবার বড় দরপতনের মাধ্যমে সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে ভারতীয় টাকা।

এদিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মান ০ দশমিক ৭ শতাংশ কমে ৭৭ দশমিক ৪৩ টাকা দাঁড়িয়েছে বলে জানিয়েছে ব্লুমবার্গ।

সোমবার ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার দরপতন হলেও বাংলাদেশি টাকার সঙ্গে বিনিময় মূল্যে কোনো পরিবর্তন আসেনি। গত রোববারের মতো আজও বাংলাদেশে ভারতীয় টাকার ক্রয়মূল্য ১ দশমিক ০৮ টাকা ও বিক্রয়মূল্য ছিল ১ দশমিক ১২ টাকা।

টাকার দরপতন প্রসঙ্গে ডিবিএস ব্যাংক লিমিটেডের ট্রেজারি ও মার্কেট বিভাগের প্রধান আশীষ বৈদ্য ব্লুমবার্গকে বলেন, এটি স্পষ্টতই ডলারের শক্তি ও তেলের সঙ্গে সম্পর্কিত। তেলের দাম যত বাড়বে, টাকা ততই চাপে থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *