হঠাৎ এসএসকেএমে হাজির মন্ত্রী ইন্দ্রনীল খাঁ! রোগীর আত্মীয়দের ঝুড়ি ঝুড়ি অভিযোগ, দিলেন কড়া নির্দেশ

রাজ্যের প্রধান সরকারি হাসপাতাল এসএসকেএম (SSKM)-এ আজ এক নাটকীয় পরিস্থিতির সাক্ষী থাকল ট্রমা কেয়ার সেন্টার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশেই শনিবার সকালে সেখানে আচমকা পরিদর্শনে হাজির হন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। মন্ত্রীর এই ‘সারপ্রাইজ ভিজিট’ হাসপাতাল চত্বরে সাড়া ফেলে দিয়েছে।
মন্ত্রীকে কাছে পেয়ে অভিযোগের পাহাড় মন্ত্রীকে ট্রমা কেয়ার সেন্টারে ঢুকতে দেখেই চিকিৎসার অপেক্ষায় থাকা রোগী এবং তাঁদের আত্মীয়রা ভিড় জমান। অনেকের হাতেই ছিল প্রেসক্রিপশন। আত্মীয়দের অভিযোগ, সরকারি হাসপাতালের ভেতরে ওষুধ সংকট এবং চিকিৎসা পরিষেবায় চরম গাফিলতি চলছে। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও প্রয়োজনীয় শারীরিক পরীক্ষার রিপোর্ট মিলছে না বলে অভিযোগ করেন তাঁরা।
কর্তৃপক্ষকে কড়া বার্তা রোগীদের অসুবিধার কথা শুনে মন্ত্রী ইন্দ্রনীল খাঁ এসএসকেএম হাসপাতালের অধিকর্তা ডঃ মণিময় বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠান। তিনি স্পষ্ট ভাষায় নির্দেশ দেন যে, অবিলম্বে চিকিৎসা সংক্রান্ত সমস্ত সমস্যা দূর করতে হবে এবং রোগীদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোনো রকম গড়িমসি বরদাস্ত করা হবে না।
দালাল চক্র নিয়ে সতর্কতা শুধু চিকিৎসা নয়, হাসপাতালের অন্দরে দালাল চক্রের সক্রিয়তা নিয়েও এদিন সরব হন মন্ত্রী। রোগীর আত্মীয়দের তিনি সতর্ক করে দিয়ে বলেন, “কোনওভাবেই যেন আপনারা দালালদের খপ্পরে না পড়েন।” রোগীদের চিকিৎসা এবং সঠিক পরিষেবা নিশ্চিত করাই যে হাসপাতালের প্রধান লক্ষ্য, তা আবারও মনে করিয়ে দেন মন্ত্রী।
উল্লেখ্য, রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে বাড়তি নজর দিচ্ছে প্রশাসন। এসএসকেএমে মন্ত্রীর এই ঝটিকা সফর সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে সাধারণ মানুষের মনে কিছুটা আশার সঞ্চার করেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।