দিল্লির ডাগআউটে ‘মহারাজ’ ও ‘যুবরাজ’ জুটি! আইপিএলে নতুন ইনিংসের প্রস্তুতিতে ছয় ছক্কার মালিক

বাইশ গজে দীর্ঘ সময় একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়কত্বে যুবরাজ সিং হয়ে উঠেছিলেন ভারতীয় দলের অন্যতম প্রধান স্তম্ভ। মাঠের সেই পুরোনো সেই জুটি এবার ফিরতে চলেছে ডাগআউটে। দিল্লি ক্যাপিটালসের কোচিং স্টাফের গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যেতে পারে যুবরাজ সিংকে।
সৌরভ-যুবরাজ জুটি এবার ডাগআউটে: আইপিএলের পরবর্তী মরশুমের জন্য দল গঠনের কাজ শুরু করে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজি সূত্রে খবর, সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই দিল্লি ক্যাপিটালসের কোচিং সেটআপে যুবরাজকে নিয়ে আসার আগ্রহ প্রকাশ করেছেন। সৌরভের নেতৃত্বেই যুবরাজ আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, এবার সেই ‘মহারাজ’-এর পরামর্শেই কোচ হিসেবে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করতে পারেন যুবরাজ।
কেন এই রদবদল? চলতি আইপিএল মরশুম শেষে দিল্লি ক্যাপিটালসের পরিচালনার দায়িত্বে বড় পরিবর্তন আসছে। জানা গেছে, আগামী দুই বছর ফ্র্যাঞ্চাইজি পরিচালনার দায়িত্বে থাকবে জেএসডব্লু (JSW) গ্রুপ। বিগত দুই মরশুমে জিএমআর গ্রুপের অধীনে দলের পারফরম্যান্স আশানুরূপ ছিল না। ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় দলের উন্নতির জন্য নতুন পরিকল্পনায় এগোচ্ছেন। শোনা যাচ্ছে, হেমাঙ্গ বাদানির পাশাপাশি কোচিং স্টাফে নতুন রক্ত আনতে যুবরাজকে যুক্ত করার তোড়জোড় চলছে।
দিল্লির নতুন স্বপ্ন: পরের আইপিএলে দল সাজাতে জেএসডব্লু গ্রুপের পরিকল্পনা অনুযায়ী যুবরাজের উপস্থিতি দলকে যেমন আত্মবিশ্বাস জোগাবে, তেমনি তরুণ খেলোয়াড়দের পরামর্শ দেওয়ার ক্ষেত্রেও যুবরাজের অভিজ্ঞতা অত্যন্ত কাজে আসবে। সৌরভ ও যুবরাজের এই সমন্বয় দিল্লি ক্যাপিটালসের হারানো গৌরব ফেরাতে কতটা কার্যকর হয়, সেটাই এখন দেখার অপেক্ষা।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধীনে দীর্ঘ সময় খেলেছেন যুবরাজ, এবার তাঁর অধীনেই কি কোচ হিসেবে সাফল্যের স্বাদ পাবেন ‘ছয় ছক্কার মালিক’? ক্রীড়াপ্রেমীদের নজরে এখন সেটাই।