হঠাৎই বন্ধ হয়ে যাবে আপনার হোয়াটসঅ্যাপ! এই ৯টি ভুল করলেই চিরতরে অ্যাকাউন্ট ব্যান করবে সংস্থা!

বর্তমান যুগে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপগুলির মধ্যে বিশ্বজুড়ে একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। আট থেকে আশি— ব্যক্তিগত আড্ডা থেকে শুরু করে অফিসের গুরুদায়িত্ব, সবকিছুই এখন সামলানো হয় এই একটি অ্যাপের মাধ্যমে। ব্যবহারকারীদের সুবিধার্থে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার ও আপডেট নিয়ে আসছে মেটার এই জনপ্রিয় প্ল্যাটফর্ম। কিন্তু আপনি কি জানেন, আপনার একটি সামান্য অসতর্কতা বা ভুলেই মুহূর্তের মধ্যে চিরতরে বন্ধ হয়ে যেতে পারে আপনার সাধের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি?

হ্যাঁ, ঠিকই শুনছেন। বিশেষজ্ঞদের মতে, হোয়াটসঅ্যাপের নিজস্ব কিছু কড়া নিয়ম বা ‘টার্মস অফ সার্ভিস’ রয়েছে, যা লঙ্ঘন করলে কোনওরকম পূর্ব সতর্কতা ছাড়াই আপনার অ্যাকাউন্টটি নিষিদ্ধ বা ব্যান (Bann) করে দিতে পারে কর্তৃপক্ষ।

প্রাত্যহিক জীবনের এত জরুরি একটি মাধ্যম যদি হুট করে বন্ধ হয়ে যায়, তবে চরম বিপাকে পড়তে হবে আপনাকে। তাই অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে এখনই নিচের কারণগুলি জেনে নিন এবং সতর্ক হোন:

যেসব ভুলের কারণে নিষিদ্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট:
স্প্যামিং ও অনবরত মেসেজ পাঠানো: হোয়াটসঅ্যাপকে ভুলেও স্প্যামিংয়ের জায়গা বানাবেন না। নতুন নতুন গ্রুপ তৈরি করে অনবরত বা লাগাতার মেসেজ পাঠালে তা স্প্যাম হিসেবে গণ্য হয় এবং অ্যাকাউন্ট ব্যান হতে পারে।

বারবার ব্যান হওয়া: কোনও ব্যবহারকারী যদি একদিনের মধ্যে একাধিকবার সাময়িকভাবে ব্যান হন, তবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ তাঁর অ্যাকাউন্টটি স্থায়ীভাবে ডি-অ্যাক্টিভেট (De-activate) করে দিতে পারে।

ভুয়ো ও মিথ্যা খবর ছড়ানো: বিভিন্ন গ্রুপে বা ব্যক্তিগত চ্যাটে যাচাই না করে ভুয়ো, প্ররোচনামূলক বা মিথ্যা খবর ছড়ানো অবিলম্বে বন্ধ করুন।

হিংসাত্মক বা আপত্তিকর কনটেন্ট: কোনও ধরনের বেআইনি, আপত্তিকর, অশ্লীল, হিংসাত্মক বা হুমকি-মূলক মেসেজ, ছবি বা ভিডিও কাউকে পাঠাবেন না। এর জেরে অন্য ব্যবহারকারীরা আপনার বিরুদ্ধে রিপোর্ট করলে অ্যাকাউন্ট ব্লক নিশ্চিত।

সন্দেহজনক লিঙ্ক ফরওয়ার্ড করা: লটারি জেতা বা আকর্ষণীয় অফারের নাম করে আসা যেসব লিঙ্ক দেখে মনে সন্দেহ জাগে, সেগুলি ভুলেও অন্য কাউকে ফরওয়ার্ড করবেন না।

ম্যালওয়্যার ও এপিকে ফাইল: অ্যান্ড্রয়েড ফোনে অজানা উৎস থেকে আসা ক্ষতিকারক এপিকে (APK) ফাইলের রূপে ম্যালওয়্যার ডাউনলোড বা শেয়ার করা থেকে বিরত থাকুন।

অন্যের পরিচয় ব্যবহার করা: হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ যদি কোনওভাবে টের পায় যে আপনি নিজের আসল পরিচয় লুকিয়ে অন্য কারও নাম-পরিচয় ব্যবহার করে অ্যাকাউন্ট চালাচ্ছেন, তবে অবধারিতভাবে আপনার অ্যাকাউন্টটি নিষিদ্ধ হবে।

থার্ড পার্টি অ্যাপের ব্যবহার (সবচেয়ে বিপজ্জনক): মূল হোয়াটসঅ্যাপের বদলে অনেকেই বাড়তি ফিচারের লোভে ‘হোয়াটসঅ্যাপ ডেল্টা’, ‘হোয়াটসঅ্যাপ প্লাস’ কিংবা ‘জিবিহোয়াটসঅ্যাপ’ (GBWhatsApp)-এর মতো থার্ড-পার্টি ক্লোন অ্যাপ ব্যবহার করেন। এই ভুলটি করলে আপনার অ্যাকাউন্টটি চিরতরে নিষিদ্ধ করে দেওয়া হবে।

ব্যবহারকারীদের রিপোর্ট: আপনার চ্যাটিং বা আচরণের কারণে যদি একাধিক ব্যবহারকারী আপনার অ্যাকাউন্টের বিরুদ্ধে লাগাতার রিপোর্ট (Report) করতে থাকেন, তবে হোয়াটসঅ্যাপের রিভিউ টিম আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ব্যান করে দেবে।