ফেসবুক মেসেঞ্জারে চ্যাট করেন? এই সেটিংস অন না করলে ফাঁস হতে পারে আপনার গোপন মেসেজ!

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির মধ্যে বিশ্বের অন্যতম জনপ্রিয় মাধ্যম হলো ফেসবুক। আর ফেসবুকের চ্যাটিংয়ের কথা বললেই সবার আগে মাথায় আসে মেটার মেসেজিং অ্যাপ ‘মেসেঞ্জার’-এর নাম। অফিসিয়াল কথাবার্তা থেকে শুরু করে বন্ধু বা পরিবারের সঙ্গে ব্যক্তিগত আড্ডা— সবকিছুর জন্যই মেসেঞ্জার আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। কিন্তু আপনার এই চ্যাটিং কতটা সুরক্ষিত?

আজকাল সাইবার অপরাধের যুগে আপনার ব্যক্তিগত চ্যাট সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি। আর এই সুরক্ষার কথা মাথায় রেখেই মেটা নিয়ে এসেছে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ (End-to-End Encryption) ফিচার। এই ফিচারটি অন থাকলে আপনার চ্যাটে একটি বিশেষ ডিজিটাল লক বা ‘সুরক্ষা কী’ (Key) যুক্ত হয়, যার ফলে আপনি যাকে মেসেজ পাঠাচ্ছেন তিনি ছাড়া তৃতীয় কোনও ব্যক্তি— এমনকি ফেসবুক কর্তৃপক্ষও সেই মেসেজ পড়তে পারবে না। এর ফলে ‘ম্যান ইন দ্য মিডল অ্যাটাক’-এর মতো ভয়ঙ্কর হ্যাকিং থেকেও সুরক্ষিত থাকা সম্ভব।

আজকাল বেশিরভাগ অ্যাপে এই ফিচারটি ডিফল্ট বা আগে থেকেই অন থাকলেও, মেসেঞ্জারে ব্যবহারকারীকে এটি আলাদা করে অন করতে হয়। মেসেঞ্জারে এই সর্বোচ্চ সুরক্ষা পাওয়ার ২টি সহজ উপায় নিচে দেওয়া হলো:

১ম পদ্ধতি: ‘ভ্যানিশ মোড’ (Vanish Mode) ব্যবহার করে
ভ্যানিশ মোডের বিশেষত্ব হলো, এখানে সাময়িকভাবে মেসেজ পাঠানো যায়। আপনি চ্যাট উইন্ডোটি বন্ধ করার সাথে সাথেই সমস্ত চ্যাট নিজে থেকেই ডিলিট হয়ে যাবে।

প্রথমে মেসেঞ্জারে গিয়ে যে কোনও একটি চ্যাট থ্রেড ওপেন করুন।

এবার স্ক্রিনের নিচ থেকে ওপরের দিকে সোয়াইপ আপ (Swipe Up) বা টেনে ধরুন।

ব্যাস! আপনার ভ্যানিশ মোড অর্থাৎ এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু হয়ে যাবে।

মনে রাখবেন, একই পদ্ধতিতে আপনি ইনস্টাগ্রামেও ভ্যানিশ মোড ব্যবহার করতে পারবেন।

২য় পদ্ধতি: ‘সিক্রেট কনভারসেশন’ (Secret Conversation) ব্যবহার করে
মেসেঞ্জারের সিক্রেট কনভারসেশনের মধ্যে বিল্ট-ইন এনক্রিপশন থাকে। তবে এই মোডে চ্যাট করলে আপনি যে ডিভাইস (মোবাইল বা ট্যাব) থেকে চ্যাট করছেন, সেটি ছাড়া অন্য কোনও ডিভাইস থেকে ওই চ্যাট দেখা যাবে না। এই ফিচারটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড, আইফোন এবং আইপ্যাড ব্যবহারকারীদের জন্য উপলব্ধ।

নতুন চ্যাট শুরু করতে:

মেসেঞ্জারের হোম ট্যাবের ডানদিকের ওপরে থাকা ‘এডিট’ (Edit) বা পেনসিল আইকনটি সিলেক্ট করুন।

এবার ওপরে থাকা ‘সিক্রেট’ (Secret) টগল বা লক আইকনটি অন করে দিন।

এরপর যার সাথে চ্যাট করতে চান, তার প্রোফাইল সিলেক্ট করে চ্যাটিং শুরু করুন।

চলমান চ্যাট থেকে সিক্রেট কনভারসেশনে যেতে:

যাঁর সাথে চ্যাট করছেন তাঁর চ্যাট বক্সটি ওপেন করে ডানদিকের ওপরে থাকা ‘আই’ (i) বা ইনফো বাটনে ট্যাপ করুন।

নিচের দিকে স্ক্রল করে ‘মোর অ্যাকশনস’ (More actions)-এর অধীনে ‘গো টু সিক্রেট কনভারসেশন’ (Go to secret conversation) অপশনটি বেছে নিন।

অতিরিক্ত টিপস: সিক্রেট চ্যাটে আপনি চাইলে ‘টাইমার’ বাটন ব্যবহার করে একটি নির্দিষ্ট সময় সেট করে দিতে পারেন, যাতে মেসেজ দেখার ঠিক তত সেকেন্ড বা মিনিট পরেই তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়।