পুরনো mAadhaar অ্যাপ বিদায়! নতুন আধার অ্যাপে মিলবে কী কী সুবিধা? জেনে নিন বিস্তারিত

আধার কার্ডের নিরাপত্তা ও ব্যবহারকারীদের সুরক্ষার কথা মাথায় রেখে এবার বড়সড় পদক্ষেপ নিল ইউআইডিএআই (UIDAI)। প্রচলিত ‘mAadhaar’ অ্যাপটিকে ধীরে ধীরে সরিয়ে তার জায়গায় নিয়ে আসা হয়েছে সম্পূর্ণ নতুন এবং অত্যাধুনিক ‘Aadhaar’ অ্যাপ। নতুন এই অ্যাপে শুধু ডিজাইনই নয়, বরং আধার যাচাইকরণ ও তথ্য শেয়ার করার পদ্ধতিতে এসেছে আমূল পরিবর্তন।
নতুন আধার অ্যাপে কী কী সুবিধা রয়েছে?
ব্যবহারকারীদের দৈনন্দিন অভিজ্ঞতাকে আরও সহজ ও নিরাপদ করতে নতুন অ্যাপটিতে বেশ কিছু ফিচার যুক্ত করা হয়েছে:
কিউআর (QR) ভিত্তিক ভেরিফিকেশন: এখন থেকে হোটেল, হাসপাতাল বা সরকারি অফিসে আধার কার্ডের সম্পূর্ণ তথ্য দেখানোর বদলে শুধুমাত্র প্রয়োজনীয় তথ্য কিউআর কোডের মাধ্যমে শেয়ার করা যাবে। এতে তথ্যের গোপনীয়তা বজায় থাকবে।
অ্যাডভান্সড অথেনটিকেশন: প্রতারণার ঝুঁকি কমাতে ওটিপি-র পাশাপাশি ফেস অথেনটিকেশন ও কিউআর ভেরিফিকেশনের ওপর জোর দেওয়া হয়েছে।
বায়োমেট্রিক নিয়ন্ত্রণ: ব্যবহারকারীরা এখন সরাসরি অ্যাপ থেকেই ফিঙ্গারপ্রিন্ট, ফেস অথেনটিকেশন এবং আইরিশ স্ক্যান লক বা নিয়ন্ত্রণ করতে পারবেন।
মাল্টি-প্রোফাইল: একটি মাত্র মোবাইলে সর্বোচ্চ ৫টি আধার প্রোফাইল যুক্ত করার সুবিধা থাকছে এই অ্যাপে।
সহজ আপডেট: মোবাইল নম্বর পরিবর্তন বা ঠিকানা আপডেটের কাজ এখন অ্যাপ থেকেই অনায়াসেই করা সম্ভব।
ডেটা কি ট্রান্সফার করতে হবে?
অনেকেরই মনে প্রশ্ন ছিল, পুরনো অ্যাপের তথ্য কি নতুন অ্যাপে স্থানান্তর করতে হবে? ইউআইডিএআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, পুরনো অ্যাপ থেকে কোনো ডেটা ট্রান্সফার করার প্রয়োজন নেই। নতুন অ্যাপটি ইনস্টল করে মোবাইল নম্বর যাচাই ও ফেস অথেনটিকেট করার মাধ্যমে নিজের প্রোফাইলটি নতুন করে সেট আপ করে নিতে হবে।
কীভাবে ব্যবহার করবেন নতুন এই অ্যাপ?
১. প্রথমে গুগল প্লে-স্টোর বা অ্যাপল অ্যাপ-স্টোর থেকে অফিসিয়াল ‘Aadhaar’ অ্যাপটি ডাউনলোড করুন।
২. আপনার পছন্দমতো ভাষা বেছে নিয়ে রেজিস্টার্ড মোবাইল নম্বরটি দিন।
৩. মোবাইলে আসা ওটিপি (OTP) দিয়ে যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করুন।
৪. প্রয়োজন অনুযায়ী ফেস অথেনটিকেশন সম্পন্ন করুন এবং একটি গোপন পিন (PIN) তৈরি করুন।
৫. সবশেষে বায়োমেট্রিক লক সেট করে আধার নম্বর যুক্ত করলেই আপনার প্রোফাইল তৈরি হয়ে যাবে।
নিরাপত্তার খাতিরে ইউআইডিএআই-এর এই নতুন অ্যাপটি ব্যবহার করা প্রতিটি আধার কার্ড হোল্ডারের জন্য জরুরি। নতুন কোনো সাইবার জালিয়াতির ফাঁদে না পড়তে আজই পুরনো অ্যাপ সরিয়ে নতুন অ্যাপ ব্যবহার শুরু করুন।