স্কুলে সৌর বিদ্যুৎ বসানোর নামে কোটির দুর্নীতি! আরামবাগের তৃণমূল চেয়ারম্যানকে গ্রেফতার করল পুলিশ

কয়লা ও বালি চুরির অভিযোগের পর এবার রাজ্যের শাসকদলের নেতার বিরুদ্ধে উঠল সৌর বিদ্যুৎ চুরির গুরুতর অভিযোগ। আরামবাগ পুরসভার তৃণমূল চেয়ারম্যান স্বপন নন্দীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, ‘গ্রিন সিটি মিশন’ প্রকল্পের অধীনে স্কুলগুলিতে সোলার প্যানেল বসানোর নামে সরকারি কোষাগারের প্রায় সাড়ে ৭ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।
দুর্নীতির নেপথ্যে কী:
পরিকল্পনা ছিল আরামবাগ পুরসভার ৪৪টি স্কুলে সোলার প্যানেল বসানো হবে। লক্ষ্য ছিল, স্কুলের বিদ্যুতের চাহিদা পূরণ করে বাড়তি বিদ্যুৎ বিক্রি করে পুরসভার আয় বাড়ানো। কিন্তু বাস্তবে ঘটল ঠিক উল্টো।
মোট দুর্নীতির পরিমাণ: ৭ কোটি ৪৬ লক্ষ ৩৭ হাজার ৯৮৭ টাকা ৪০ পয়সা।
প্রক্রিয়া: অভিযোগ, ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর ই-টেন্ডার ডাকার আগেই পুরসভার চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে কাজ বাগিয়ে নেয় একটি সংস্থা। পরবর্তীকালে ই-টেন্ডারের মাধ্যমে সেই সংস্থা ‘পি অ্যান্ড টি কনস্ট্রাকশন’-কেই কাজ দেওয়া হয়।
কোথায় গলদ?
অনুসন্ধানে জানা গিয়েছে, বেশিরভাগ স্কুলেই কোনো সোলার প্যানেলই বসানো হয়নি। অথচ, কাজ সম্পন্ন হওয়ার ভুয়া সার্টিফিকেট দিয়ে ঠিকাদার সংস্থাকে পুরো টাকাটাই মিটিয়ে দেওয়া হয়। ২০২২ সালের অডিট রিপোর্টে এই জালিয়াতি প্রথম ধরা পড়ে। অডিটে আরও দেখা গিয়েছে, যে হাতে গোনা কয়েকটি স্কুলে প্যানেল বসানো হয়েছিল, তাতে বিদ্যুতের বদলে উল্টে স্কুলেরই ক্ষতি হয়েছে এবং প্যানেলগুলো পড়ুয়াদের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে।
তৎকালীন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন:
২০২২ সালে অডিট রিপোর্টে এই দুর্নীতি স্পষ্ট হয়ে যাওয়ার পরেও তৎকালীন সরকার কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। এতদিন ধরে অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে থাকলেও, বর্তমান পরিস্থিতিতে পুলিশের এই পদক্ষেপে চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে।