পাকা আমের মরশুমে বাড়িতেই বানান রেস্তোরাঁ স্টাইল ‘আমের পায়েস’, রইল সহজ রেসিপি

ফলের রাজা আম মানেই বাঙালির পাতে তৃপ্তির হাতছানি। এমনিতেই আম খাওয়ার মজাই আলাদা, তবে এই মরশুমে পাকা আম দিয়ে তৈরি ডেজার্ট আপনার পাতে এনে দিতে পারে এক রাজকীয় স্বাদ। আজ রইল জিভে জল আনা ‘পাকা আমের পায়েস’ তৈরির সহজ রেসিপি।

পাকা আমের পায়েস তৈরির প্রয়োজনীয় উপকরণ:

পাকা আম: ২টি (বড় সাইজের)

সুজি: ১ চা চামচ

চিনি: ১/৩ কাপ (স্বাদমতো কম-বেশি করা যেতে পারে)

ঘন দুধ: ২ কাপ

গুঁড়ো দুধ: ৪ চা চামচ

কাজু বাদাম: ৩টি (মিহি করে গুঁড়ো করা)

পাকা আমের পায়েস তৈরির পদ্ধতি:

১. আমের পিউরি তৈরি: প্রথমে আমগুলো ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। এরপর আমের শাঁসটুকু বের করে ব্লেন্ডারে দিয়ে একটি মসৃণ পেস্ট বা পিউরি তৈরি করে নিন।

২. দুধ ঘন করা: একটি বড় পাত্রে ২ কাপ দুধ মাঝারি আঁচে জ্বাল দিতে থাকুন। দুধ কিছুটা ঘন হয়ে এলে এর মধ্যে গুঁড়ো দুধ এবং সুজি দিয়ে ভালো করে মেশাতে থাকুন যাতে কোনো দলা না পেকে যায়।

৩. আম মেশানো: এবার ব্লেন্ড করে রাখা আমের পিউরিটুকু ফুটন্ত দুধে ঢেলে দিন। মাঝারি আঁচে অনবরত নাড়তে থাকুন যাতে তলায় লেগে না যায়। মিশ্রণটি ঘন হয়ে এলে এতে চিনি ও কাজু বাদামের গুঁড়ো ছড়িয়ে দিন।

৪. পরিবেশন: মিশ্রণটি পায়েসের মতো ঘন হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন। এবার এটি ঘরের তাপমাত্রায় এলে ফ্রিজে রেখে দিন। অন্তত এক ঘণ্টা ফ্রিজে রাখার পর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। পরিবেশনের আগে ওপরে সাজানোর জন্য ছোট করে কাটা পাকা আমের টুকরো ছড়িয়ে দিতে পারেন।

টিপস: আমের পায়েস যত ঠান্ডা হবে, এর স্বাদ তত বাড়বে। তাই খাওয়ার আগে ফ্রিজে রাখা একান্তই জরুরি।