ঝরঝরে পোলাও রান্নার ম্যাজিক ট্রিকস! এই পদ্ধতিতে বানালে স্বাদ হবে রেস্তোরাঁর মতো

অতিথি আপ্যায়ন হোক বা ছুটির দুপুরের ভূরিভোজ, পোলাওয়ের নাম শুনলেই অনেকের মনে হয় এটি অত্যন্ত সময়সাপেক্ষ একটি রান্না। ঘণ্টার পর ঘণ্টা রান্নাঘরে দাঁড়িয়ে থাকা আর চালের মাপজোক নিয়ে চিন্তার দিন এবার শেষ। খুব সহজেই প্রেশার কুকারে মাত্র ১০-১৫ মিনিটেই বানিয়ে ফেলা সম্ভব রেস্তোরাঁর মতো ঝরঝরে পোলাও। কীভাবে করবেন? জেনে নিন ঘরোয়া এই বিশেষ কৌশল।
ঝরঝরে পোলাও তৈরির সহজ ধাপ:
১. চাল ভেজানো: প্রথমে বাসমতী বা গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে ১৫ মিনিট জলে ভিজিয়ে রাখুন। এতে পোলাও নরম ও সুস্বাদু হয়।
২. জল ঝরানো: ছাঁকনির সাহায্যে চাল থেকে সম্পূর্ণ জল ঝরিয়ে নিন। মনে রাখবেন, চালে জল থাকলে পোলাও ঝরঝরে হবে না। জল ঝরানো চালের গায়ে সামান্য ঘি মাখিয়ে রাখুন।
৩. ফোড়ন ও ভাজা: প্রেশার কুকারে ঘি বা সাদা তেল গরম করুন। এতে গোটা গরম মশলা, তেজপাতা এবং কাজু-কিশমিশ দিয়ে হালকা নাড়াচাড়া করুন। এরপর চাল দিয়ে মাঝারি আঁচে ৩-৪ মিনিট সাবধানে ভেজে নিন। হালকা ভাজা চাল পোলাওকে আরও ঝরঝরে করে তোলে।
৪. জলের মাপ ও সিটি: প্রেশার কুকারে পোলাওয়ের ক্ষেত্রে জলের পরিমাণ সঠিক হওয়া খুব জরুরি। পরিমাণমতো জল দিয়ে কুকারের ঢাকনা বন্ধ করে দিন। গ্যাসের আঁচ বাড়িয়ে একটি সিটি পড়ার অপেক্ষা করুন।
৫. দমে রাখা: মনে রাখবেন, প্রথম সিটি পড়ার সঙ্গে সঙ্গেই গ্যাসের আঁচ পুরোপুরি বন্ধ করে দিতে হবে। এরপর কিছুক্ষণ দমে রেখে দিলেই তৈরি আপনার ঝরঝরে পোলাও।
ব্যস্ত দিনে বা হঠাৎ অতিথি এলে এই পদ্ধতিতে পোলাও বানালে আপনার পরিশ্রমও বাঁচবে, আবার বাড়ির সবাই চেটেপুটে খাবে।