স্বরূপ বিশ্বাসের বাড়িতে রহস্য! ডিজিটাল লকে আটকানো বিশেষ ঘর, কী আছে ভেতরে?

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে রীতিমতো ধন্দে পড়ে গেলেন তদন্তকারীরা। দুর্নীতি ও অশালীন আচরণের অভিযোগে ধৃত স্বরূপ বিশ্বাসের বাড়িতে একটি বিশেষ ঘরের সন্ধান পাওয়া গেছে, যার দরজায় লাগানো রয়েছে অত্যাধুনিক ডিজিটাল লক।

৪ ঘণ্টা চেষ্টা, তবু ব্যর্থ! পুলিশ সূত্রে খবর, সোমবার স্বরূপ বিশ্বাসের ব্যক্তিগত ব্যবহৃত এই ঘরটিতে তল্লাশি চালানোর জন্য তদন্তকারীরা পৌঁছান। কিন্তু ঘরের দরজার ডিজিটাল লক খোলার পাসওয়ার্ড বা প্রযুক্তি কোনোটিই কাজ করেনি। এমনকি মিস্ত্রি ডেকে এনেও দীর্ঘ সাড়ে চার ঘণ্টা প্রচেষ্টার পরেও তালা খোলা সম্ভব হয়নি। শেষমেশ ওই বিশেষ ঘরে প্রবেশ না করেই ফিরে আসতে হয় তদন্তকারী দলকে।

কী আছে ওই ঘরের ভেতরে? এই ঘটনা ঘিরেই এখন রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। সাধারণ একটি আবাসিক ঘরের দরজায় কেন এত কঠোর নিরাপত্তা ব্যবস্থা? তদন্তকারী মহলের একাংশের ধারণা, ওই ঘরের ভেতরে গুরুত্বপূর্ণ কোনো নথি, গোপন ইলেকট্রনিক তথ্যভাণ্ডার অথবা দুর্নীতির সঙ্গে জড়িত কোনো বড় প্রমাণ লুকিয়ে রাখা থাকতে পারে। এই ঘরটি খুলতে না পারার ঘটনা তদন্তকারীদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

পুরনো স্মৃতি উসকে দিচ্ছে বিতর্ক উল্লেখ্য, এর আগেও নিউটাউনে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের ফ্ল্যাটে তল্লাশির সময় ঠিক একইভাবে ডিজিটাল লক তদন্তের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। ফলে স্বরূপ বিশ্বাসের বাড়ির এই ডিজিটাল লক করা ঘর নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও সন্দেহ ক্রমশ বাড়ছে।

তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কিংবা স্বরূপ বিশ্বাসের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তদন্তকারীরা কি শেষ পর্যন্ত সেই বিশেষ ঘরের দরজা খুলতে পারবেন? নাকি সেই ঘরের আড়ালেই চিরতরে চাপা পড়ে যাবে রহস্য? এখন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

Samrat Das
  • Samrat Das