স্বরূপের ফ্ল্যাটের ভেতরে ‘গুপ্ত ঘর’, চাবিওয়ালা ডেকে ভাঙা হলো তালা, নতুন রহস্য?

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগে নিউ আলিপুরের চর্চিত ‘বিশ্বাস ব্রাদার্স’-এর ছোট ভাই স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারের পর এবার সামনে এল নতুন চাঞ্চল্যকর তথ্য। সোমবার সকাল থেকে সাহাপুর কলোনির ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালান তদন্তকারী আধিকারিকরা। আর এই তল্লাশি চালাতেই বেরিয়ে এল এক রহস্যময় ‘গুপ্ত ঘর’। যা ঘিরে এখন তুঙ্গে জল্পনা।
ঠিক কী পেয়েছে পুলিশ? সূত্রের খবর, এদিন ফ্ল্যাটের চারতলায় তল্লাশি চালানোর সময় পুলিশের নজরে আসে একটি বিশেষ দরজা। ঘরটি তালাবন্ধ ছিল এবং তাতে লাগানো ছিল অত্যাধুনিক ‘ডিজিটাল লক’। বিষয়টি অস্বাভাবিক ঠেকায় পুলিশ বাইরে থেকে চাবিওয়ালা ডেকে দরজাটি খোলার ব্যবস্থা করে। জানা গিয়েছে, এই গোপন ঘরটি কোনও কিছু আড়াল করার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে তালা খোলার পর ঠিক কী কী নথি বা সামগ্রী উদ্ধার হয়েছে, তা নিয়ে এখনও মুখ খোলেনি পুলিশ।
কেন নজরে স্বরূপ? তৃণমূলের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস এক সময় টলিপাড়ার ‘সর্বেসর্বা’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর বিরুদ্ধে ‘ব্যান কালচার’ চালানোর পাশাপাশি তোলাবাজি এবং এক মেক-আপ আর্টিস্টকে শ্লীলতাহানির চেষ্টার মতো গুরুতর অভিযোগ রয়েছে। গত কয়েকদিন আগেই তাঁকে গ্রেপ্তার করা হয়। এমনকি তাঁর গ্রেপ্তারের পর থানার বাইরে ‘চোর’ স্লোগানও শোনা গিয়েছিল। সুরুচি সঙ্ঘের অন্দরে বিলাসবহুল বেডরুম থাকা নিয়েও এর আগে বিস্তর অভিযোগ ও বিক্ষোভের ঘটনা ঘটেছিল।
এখন এই নতুন ‘গুপ্ত ঘর’-এর রহস্য সামনে আসায়, তদন্ত কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। পুলিশ সূত্রে খবর, ঘরের ভেতর তল্লাশি চালিয়ে সমস্ত তথ্য নথিভুক্ত করা হচ্ছে।