ইতিহাসের সন্ধিক্ষণে অ্যাপল! টিম কুকের শেষ WWDC-এর শুরু আজ, দায়িত্বে আসছেন জন টার্নাস

আজ ৮ জুন, সোমবার থেকে শুরু হচ্ছে বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি সংস্থা অ্যাপলের বার্ষিক ‘ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্স’ (WWDC 2026)। ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোতে অবস্থিত অ্যাপল পার্কে আয়োজিত এই ইভেন্টটি প্রযুক্তিপ্রেমী ও ডেভেলপারদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ হলো সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) টিম কুকের উপস্থিতি, যিনি দীর্ঘ ১৫ বছরের সফল দায়িত্ব শেষে এই পদে থেকে এটিই শেষবার মূল বক্তা (Keynote speaker) হিসেবে উপস্থিত থাকছেন।
নেতৃত্বে নতুন যুগের সূচনা
চলতি বছরের এপ্রিল মাসেই অ্যাপলের পক্ষ থেকে এক ঐতিহাসিক ঘোষণা দেওয়া হয়েছিল। আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে বর্তমান CEO টিম কুক তাঁর দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন এবং তিনি অ্যাপলের বোর্ডের ‘এক্সিকিউটিভ চেয়ারম্যান’ হিসেবে কাজ করবেন। তাঁর স্থলাভিষিক্ত হতে চলেছেন জন টার্নাস, যিনি বর্তমানে অ্যাপলের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। টিম কুক পুরোপুরি অবসর না নিলেও, টার্নাসকে অভিজ্ঞতার মাধ্যমে সহযোগিতা করবেন বলে জানা গেছে।
ইভেন্টে যা থাকছে
সময়সূচী: ৮ জুন থেকে ১২ জুন পর্যন্ত এই সম্মেলন চলবে।
ভারতীয় সময়: বাংলাদেশ ও ভারতের সময় অনুযায়ী আজ রাত ১০:৩০ মিনিটে অনুষ্ঠানটি শুরু হবে। এরপর রাত ১:৩০ মিনিটে (৯ জুন ভোর) অ্যাপলের বিভিন্ন প্রযুক্তিগত অগ্রগতির ওপর ‘প্ল্যাটফর্ম স্টেট অফ দ্য ইউনিয়ন’ সেশন অনুষ্ঠিত হবে।
কিভাবে দেখবেন: অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইট (apple.com), অ্যাপল ডেভেলপার অ্যাপ, অ্যাপল টিভি অ্যাপ এবং অ্যাপলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সরাসরি এই ইভেন্ট দেখা যাবে।
উদ্দেশ্য: এবারের কনফারেন্সে ১০০০-এরও বেশি ডেভেলপার, ডিজাইনার এবং শিক্ষার্থী অংশ নিচ্ছেন। আইওএস (iOS)-এর নতুন আপডেটসহ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং বিভিন্ন উন্নত সফটওয়্যার ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
প্রযুক্তি বিশ্বে টিম কুকের অবদান অনস্বীকার্য। তাঁর হাত ধরে অ্যাপল কয়েক গুণ বড় হয়েছে এবং উদ্ভাবনের এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ রাতে তাঁর শেষ ‘কি-নোট’ বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের জন্য একটি আবেগপূর্ণ মুহূর্ত হতে যাচ্ছে।