যৌন হেনস্থার অভিযোগ ছিল ‘মিথ্যা’! শিল্পা শিন্ডের বিস্ফোরক স্বীকারোক্তিতে বিনোদন দুনিয়ায় শোরগোল

টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ শিল্পা শিন্ডেকে কেন্দ্র করে এখন উত্তাল বিনোদন দুনিয়া। প্রায় এক দশক আগের একটি বিস্ফোরক অভিযোগ নিয়ে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। ‘ভাবিজি ঘর পর হ্যায়’ ধারাবাহিকের প্রযোজক সঞ্জয় কোহলির বিরুদ্ধে অতীতে যে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন অভিনেত্রী, সম্প্রতি তা ‘মিথ্যা’ বলে স্বীকার করে নিলেন তিনি।

কেন এই স্বীকারোক্তি?
শিল্পা জানিয়েছিলেন, সেই সময় তিনি পরিস্থিতির চাপে পড়ে নিরুপায় হয়েই মিথ্যে মামলার আশ্রয় নিয়েছিলেন। তবে এই স্বীকারোক্তি প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA) এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। একটি পেশাদার সম্পর্কের ক্ষেত্রে এমন ভিত্তিহীন অভিযোগ কেন আনা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠনটি।

সমালোচকদের চ্যালেঞ্জ শিল্পার
এই বিতর্কের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ ভিডিও শেয়ার করেছেন ‘অঙ্গুরি ভাবি’ খ্যাত এই অভিনেত্রী। ভিডিওর ক্যাপশনে শিল্পা লিখেছেন, “যা করার করে নাও।” অভিনেত্রীর এই পোস্ট ঘিরেই এখন নেটপাড়ায় জল্পনার অন্ত নেই। কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি সত্ত্বেও শিল্পার এই ধরনের আচরণকে অনেকেই সমালোচকদের প্রতি খোলা চ্যালেঞ্জ হিসেবে দেখছেন।

বিতর্কের জল কতদূর?
শিল্পার এই বিস্ফোরক মন্তব্যের পর একদিকে যেমন আইনি জটিলতার সম্ভাবনা তৈরি হয়েছে, অন্যদিকে সোশ্যাল মিডিয়াতেও দ্বিধাবিভক্ত নেটপাড়া। নেটিজেনদের একাংশের ধারণা, নিজের অবস্থানে অনড় থাকতেই এভাবে বার্তা দিয়েছেন অভিনেত্রী। তবে ঘটনাটি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।