রাস্তা হবে সুপারফাস্ট! বাইক রাইডারদের জন্য বড় ঘোষণা করলেন মন্ত্রী দিলীপ ঘোষ

মন্ত্রী হওয়ার পরেও বাইক-প্রেম তাঁর সহজাত। সম্প্রতি নিউটাউনের রাস্তায় ৫৩ লক্ষ টাকার বাইক চালিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন রাজ্যের পঞ্চায়েত ও প্রাণিসম্পদ উন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ। এবার সেই বাইক চালানোকে কেন্দ্র করেই নতুন প্রজন্মের বাইকপ্রেমীদের জন্য এক খুশির বার্তা দিলেন তিনি।

কী বললেন মন্ত্রী?
রবিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে নিউটাউনের একটি বাইক প্রদর্শনীর অনুষ্ঠানে যোগ দেন দিলীপ ঘোষ। সেখানে বিদেশি কোম্পানির দামি বাইকগুলি দেখে উচ্ছ্বসিত মন্ত্রী বলেন, “নতুন সরকারের আসার পর থেকে অনেকেই এই ধরনের ২০০০ সিসির হাই-এন্ড বাইকের দিকে ঝুঁকছেন। নতুন প্রজন্মের কাছে এই বাইকগুলি অত্যন্ত আকর্ষণীয়।”

এরপরেই বাইকপ্রেমীদের মন জয় করে তিনি যোগ করেন, “আমরা চাই রাস্তাঘাট আরও উন্নত হোক। যাতে মানুষ এই ধরনের দামি বাইক কিনে নির্বিঘ্নে চালাতে পারেন। সেই উপযুক্ত রাস্তাঘাট আমরাই তৈরি করে দেব।” অর্থাৎ, ভবিষ্যতে রাজ্য জুড়ে মসৃণ ও উন্নত মানের রাস্তার প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী, যা বাইক রাইডারদের জন্য নিঃসন্দেহে বড় স্বস্তি।

নিরাপত্তার বার্তাও মন্ত্রীর কণ্ঠে
তবে শুধু বাইকের গতির কথা বলেননি মন্ত্রী, সেই সঙ্গে ট্রাফিক আইন মেনে চলার বিষয়েও সতর্ক করেছেন তিনি। মন্ত্রীর স্পষ্ট বার্তা, “ট্রাফিক রুল মেনে সকলে যেন বাইক বা গাড়ি চালান।”

সোশ্যাল মিডিয়ায় দিলীপের বাইক-ম্যানিয়া
উল্লেখ্য, এর আগেও ইকো-পার্কের রাস্তায় সাদা টি-শার্ট ও শর্টস পরে কালো চকচকে বাইক চালিয়ে ভাইরাল হয়েছিলেন দিলীপ ঘোষ। সেই ছবি বা ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছিল বাইকপ্রেমীদের মধ্যে। একদিকে মন্ত্রীর এই ‘দাবাং’ লুক এবং অন্যদিকে নতুন প্রজন্মের জন্য উন্নত রাস্তা তৈরির প্রতিশ্রুতি—দিলীপ ঘোষের এই বাইক-প্রীতি এখন রাজ্য রাজনীতির পাশাপাশি টলিপাড়া ও নেটপাড়াতেও সমানভাবে চর্চিত।