নেতিয়ে পড়া স্নেক প্ল্যান্ট আবার হবে সতেজ! রান্নাঘরের এই ‘ম্যাজিক’ উপাদানটি ব্যবহার করেছেন?

ইনডোর প্ল্যান্ট হিসেবে স্নেক প্ল্যান্টের জুড়ি মেলা ভার। খুব সামান্য যত্নে বেড়ে ওঠে বলে অফিস বা ঘরের কোণে শোভা বাড়াতে এই গাছের বিকল্প নেই। কিন্তু সঠিক যত্ন না হলে পাতা হলুদ হওয়া কিংবা গাছ নিস্তেজ হয়ে যাওয়ার মতো সমস্যা প্রায়ই দেখা দেয়। বিশেষ করে অতিরিক্ত জল দেওয়া কিংবা পুষ্টির অভাবে এমনটা হয়। তবে আপনার রান্নাঘরেই এমন একটি সাধারণ উপাদান আছে, যা গাছটিকে দিতে পারে পুনর্জীবন। সেটি হলো—ব্যবহৃত চা-পাতা।

চা-পাতা কেন স্নেক প্ল্যান্টের জন্য উপকারী?
ব্যবহৃত চা-পাতায় থাকে নাইট্রোজেন এবং প্রচুর মাইক্রো-নিউট্রিয়েন্টস বা অণু-পুষ্টি উপাদান, যা মাটির গুণমান বাড়িয়ে গাছের বৃদ্ধি ত্বরান্বিত করে। নিয়মিত ব্যবহারে শিকড় শক্তপোক্ত হয় এবং পাতাগুলো হয়ে ওঠে চকচকে ও সতেজ।

ব্যবহার করার সঠিক পদ্ধতি:
১. পরিষ্কার করুন: ব্যবহৃত চা-পাতা ভালো করে জল দিয়ে ধুয়ে নিন। নিশ্চিত করুন যেন এতে কোনোভাবেই দুধ বা চিনির অবশিষ্টাংশ লেগে না থাকে।
২. শুকিয়ে নিন: ধোয়া চা-পাতাগুলো রোদে ভালো করে শুকিয়ে নিন।
৩. প্রয়োগ: শুকিয়ে গেলে এক থেকে দুই চামচ চা-পাতা টবের মাটির ওপর ছড়িয়ে আলতো করে মিশিয়ে দিন। এরপর সামান্য জল দিয়ে দিন।

সতর্কতা:
অতিরিক্ত চা-পাতা ব্যবহার করলে মাটিতে ছত্রাক জন্মানোর ভয় থাকে। তাই মাসে একবার বা পরিমিত পরিমাণে ব্যবহার করাই শ্রেয়।

স্নেক প্ল্যান্ট সুস্থ রাখার ৩টি গোল্ডেন রুল:

জলে লাগাম: স্নেক প্ল্যান্ট খুব কম জলেই ভালো থাকে। তাই মাটি শুকিয়ে গেলে তবেই জল দিন। অতিরিক্ত জল গাছের শিকড় পচিয়ে দিতে পারে।

সঠিক জায়গা: গাছটিকে সরাসরি কড়া রোদে না রেখে এমন জায়গায় রাখুন যেখানে পর্যাপ্ত পরোক্ষ সূর্যালোক (Bright Indirect Light) পায়।

জল নিষ্কাশন: টবের মাটিতে যেন জল জমে না থাকে, সেদিকে খেয়াল রাখুন। টবের নিচে ছিদ্র থাকা বাধ্যতামূলক।