সন্দেশখালিতে পুকুরে অস্ত্রভাণ্ডার! শাহজাহান-ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতার বাড়িতে এসটিএফের হানা

ফের শিরোনামে সন্দেশখালি। এবার এলাকার দাপুটে তৃণমূল নেতা রবিন দাস ও তাঁর ভাই গোপাল দাসের বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ অস্ত্র। শেখ শাহজাহানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই দুই ভাইয়ের বাড়িতে শনিবার সকালে হানা দেয় এসটিএফ (STF)। পুকুরে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে অস্ত্রের ভাণ্ডার, যা দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
অপারেশনের নেপথ্যে:
গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফের বিশাল বাহিনী সন্দেশখালির মণিপুর এলাকায় হানা দেয়। তদন্তকারীদের সঙ্গে রয়েছে সন্দেশখালি থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অভিযোগ, এলাকায় অশান্তি পাকানো এবং সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য এই বিপুল অস্ত্র মজুত করা হয়েছিল। দীর্ঘ সময় ধরে স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীদের ওপর অত্যাচার চালানোর অভিযোগ রয়েছে এই দুই ভাই ও তাঁদের অনুগামীদের বিরুদ্ধে।
রাজনৈতিক তরজা:
এই ঘটনায় স্বাভাবিকভাবেই সরব হয়েছে বিরোধী দল বিজেপি। ঘটনাটি নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। তিনি বলেন, “আগে তো পুকুরে শুধু মাছ মিলত, এখন তৃণমূলের দৌলতে গুলি-বোমা-বন্দুকও মিলছে! এরা আসলে পৃথিবীর নবম আশ্চর্য।” সজল ঘোষ আরও দাবি করেন, “যদি নির্বাচনের ফলাফল বের হতো, তবে এই অস্ত্রগুলো সাধারণ মানুষের ওপর ব্যবহারের পরিকল্পনা ছিল। আমরা চাই এদের যেন কোনোভাবেই ছাড়া না হয়।”
পরিস্থিতি:
অস্ত্র উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই মণিপুর এলাকায় প্রচুর মানুষ ভিড় করতে শুরু করেন। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুরো এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। এই অস্ত্র কোথা থেকে এল এবং এর পেছনে বড় কোনো চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।