রেপো রেট নিয়ে বড় ঘোষণা! মধ্যবিত্তের ইএমআই-র চাপ কি কমল?

মধ্যবিত্তের জন্য এল স্বস্তির খবর। দেশের আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে রেপো রেট (Repo Rate) অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। শুক্রবার সকালে আরবিআই গভর্নর সঞ্চয় মালহোত্রা সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, মনিটারি পলিসি কমিটির (MPC) বৈঠকে সর্বসম্মতিক্রমে রেপো রেট ৫.২৫ শতাংশেই স্থির রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন এই সিদ্ধান্ত?
চলতি বছরের দুই দিনের বৈঠকের পর গভর্নর জানান, বর্তমান বিশ্ব অর্থনীতির অস্থিরতার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরান-আমেরিকা পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকট থাকলেও, ভারত সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। মুদ্রাস্ফীতির আশঙ্কা ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মাঝে সাধারণ মানুষের ওপর ঋণের বোঝা না বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।
কী বললেন গভর্নর?
সাংবাদিক বৈঠকে গভর্নর সঞ্চয় মালহোত্রা বলেন, “যদিও বিশ্ব অর্থনীতিতে নানা অস্থিরতা রয়েছে, তবে ভারতের অর্থনীতির ভিত মজবুত।” তিনি আরও জানান:
জিডিপি: চলতি অর্থবর্ষে জিডিপি (GDP) বৃদ্ধির হার ৭.৬ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।
মুদ্রাস্ফীতি: মার্চ-এপ্রিল মাসে মুদ্রাস্ফীতির হার ৩.৭ শতাংশে স্থিতিশীল ছিল। পরবর্তী পূর্বাভাস অনুযায়ী, সিপিআই (CPI) ইনফ্লেশন ৫.১ শতাংশের আশেপাশে থাকবে।
বিনিয়োগ ও ভাণ্ডার: দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (FDI) বৃদ্ধি পাচ্ছে এবং ভারতের বিদেশি মুদ্রার ভাণ্ডার (Forex Reserve) স্থিতিশীল রয়েছে। তবে বর্ষার পরিস্থিতির ওপর অর্থনীতির ওপর কিছুটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।
রেপো রেট ও সাধারণ মানুষের ওপর প্রভাব:
সাধারণত রেপো রেট হলো সেই সুদের হার, যে হারে রিজার্ভ ব্যাঙ্ক অন্যান্য বাণিজ্যিক ব্যাঙ্কগুলোকে ঋণ দেয়। এই রেট বাড়লে ব্যাঙ্কের ঋণের সুদের হারও বাড়ে, ফলে ইএমআই (EMI)-এর বোঝা বেড়ে যায়। কিন্তু বর্তমানে তা অপরিবর্তিত থাকায় আপাতত গাড়ি, বাড়ি বা পার্সোনাল লোনের কিস্তি বাড়ার কোনো আশঙ্কা নেই, যা সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি।