আকাশসীমা আরও সুরক্ষিত! ভারত পেল চতুর্থ S-400 ‘সুদর্শন’, রুশ প্রতিরক্ষা ব্যবস্থায় কাঁপছে শত্রুপক্ষ

ভারতের আকাশসীমা সুরক্ষায় বড়সড় সাফল্যের নজির। রাশিয়ার থেকে প্রতীক্ষিত চতুর্থ S-400 ‘সুদর্শন’ এয়ার ডিফেন্স সিস্টেমের স্কোয়াড্রনটি ভারতে এসে পৌঁছেছে। প্রতিরক্ষা সূত্রের খবর, সমুদ্রপথে জাহাজে করে এই অত্যাধুনিক মিসাইল সিস্টেম ভারতে আনা হয়েছে এবং খুব শীঘ্রই একে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হবে।
কেন গুরুত্বপূর্ণ এই S-400? ২০১৮ সালে ভারত ও রাশিয়ার মধ্যে পাঁচটি S-400 স্কোয়াড্রন কেনার চুক্তি সই হয়েছিল। এর মধ্যে তিনটি স্কোয়াড্রন আগেই ভারতীয় বায়ুসেনার হাতে এসেছিল। যদিও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে বাকি স্কোয়াড্রনগুলি আসতে কিছুটা বিলম্ব হয়। এই সিস্টেমটি তার দীর্ঘপাল্লার নিখুঁত লক্ষ্যভেদের ক্ষমতার জন্য বিশ্বজুড়ে সমাদৃত। এর আগে ‘সুদর্শন’ সিস্টেমটি ৩০০ কিলোমিটারেরও বেশি দূরত্বে থেকে শত্রু বিমান ধ্বংস করার দক্ষতা দেখিয়েছিল, যা একটি বড় রেকর্ড।
ভবিষ্যৎ পরিকল্পনা ও দেশীয় উদ্যোগ:
-
পঞ্চম স্কোয়াড্রন: আশা করা হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই চূড়ান্ত বা পঞ্চম স্কোয়াড্রনটিও ভারতের হাতে আসবে। এছাড়া আরও পাঁচটি নতুন স্কোয়াড্রন কেনার বিষয়েও প্রতিরক্ষা মন্ত্রকের তরফে প্রাথমিক সম্মতি রয়েছে।
-
প্রজেক্ট কুশা: ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি স্বনির্ভর করতে ‘প্রোজেক্ট কুশা’-র ওপর জোর দেওয়া হচ্ছে। এই প্রকল্পের লক্ষ্য হলো— রাশিয়ার প্রযুক্তির ধাঁচে দেশীয়ভাবেই দূরপাল্লার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। এর জন্য সোলার ইন্ডাস্ট্রিজ-এর মতো সংস্থাগুলিকে ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে যুক্ত করা হয়েছে।
অত্যাধুনিক এই অস্ত্রশস্ত্র ভারতের আকাশসীমার সুরক্ষাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে রাশিয়ার এই প্রযুক্তিগত সহায়তা ভারতের প্রতিরক্ষা সক্ষমতা যে বহুগুণ বাড়িয়ে দিল, তা বলাই বাহুল্য।