আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা! ভারতে বর্ষার প্রবেশ নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের দক্ষিণ প্রান্ত দিয়ে প্রবেশ করতে চলেছে বর্ষা। আবহাওয়া দপ্তরের (IMD) দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, আগামী ৪ঠা জুন অর্থাৎ আগামীকালকের মধ্যেই কেরালায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আগমন ঘটতে চলেছে। এই বর্ষার হাত ধরেই দেশের বিভিন্ন রাজ্যে অস্বস্তিকর গরম থেকে স্বস্তি মিলবে বলে আশা করা হচ্ছে।
কোথায় কোথায় ভারী বৃষ্টির সতর্কতা? আইএমডি জানিয়েছে, মৌসুমী বায়ুর আগমনের সঙ্গে সঙ্গে আগামী ৬ থেকে ৭ দিন কেরালা উপকূলে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেমি) সম্ভাবনা রয়েছে। এছাড়া তামিলনাড়ু এবং কর্ণাটকের বিভিন্ন অংশেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
বর্ষার গতিপথ ও বিলম্বের কারণ স্বাভাবিক নিয়ম অনুযায়ী ১লা জুন কেরালায় বর্ষার প্রবেশ ঘটার কথা থাকলেও, এবার মৌসুমী বায়ু কিছুটা বিলম্বিত হয়েছে। মৌসুমী মেঘগুলো গত এক সপ্তাহ ধরে শ্রীলঙ্কা ও বঙ্গোপসাগরের আশেপাশে আটকে থাকায় এই দেরি বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। তবে এখন পরিস্থিতির উন্নতির ফলে লাক্ষাদ্বীপ, কেরালা ও দক্ষিণ বঙ্গোপসাগরের একাংশে বর্ষা ঢোকার পথ প্রশস্ত হয়েছে।
দেশের অন্যান্য অংশের আবহাওয়া শুধু দক্ষিণ ভারত নয়, উত্তর-পশ্চিম, মধ্য ও পূর্ব ভারতের অনেক অংশে আগামী কয়েক দিন মাঝারি থেকে তীব্র বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। এই ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি পর্যন্ত হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে উদ্বেগ মৌসুমী বায়ুর আগমন নিয়ে স্বস্তির খবর থাকলেও, আবহাওয়া দপ্তরের প্রাথমিক ইঙ্গিত অনুযায়ী এবছর মোট বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের চেয়ে কিছুটা কম হতে পারে। আপাতত সবার নজর এখন কেরালা উপকূলের দিকে, কারণ এই বর্ষাই ধীরে ধীরে দেশের বাকি রাজ্যগুলোতে ছড়িয়ে পড়বে।