কর্ণাটকের মসনদে ডি কে শিবকুমার: শপথ গ্রহণ মঞ্চে কোন ‘ভুল’ ঘিরে শুরু হলো বিতর্ক?

কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা ডি কে শিবকুমার। বুধবার বেঙ্গালুরুর লোকভবনের গ্লাস হাউসে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল। ডি কে শিবকুমারের পাশাপাশি কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জি পরমেশ্বর।
নতুন মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন আরও ১৩ জন বিধায়ক মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। এই তালিকায় রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার পুত্র যথীন্দ্র সিদ্ধারামাইয়া, প্রিয়াঙ্ক খাড়গে, ইউ টি খাদার, এম বি পাটিল, কে জে জর্জ, কে এইচ মুনিয়াপ্পা, সতীশ জারকিহোলি, রামালিঙ্গা রেড্ডি, কৃষ্ণা বাইরেগৌড়া, ঈশ্বর খাণ্ড্রে, বাইরাথি সুরেশ এবং শরণ প্রকাশ পাটিল। রাজনৈতিক মহলের মতে, রাজ্যসভার নির্বাচনের পরই মন্ত্রিসভার আরও সম্প্রসারণ হতে পারে।
শপথের মঞ্চে বিতর্ক: রাজ্য রাজনীতির বড় পরিবর্তনের দিনেও বিতর্ক পিছু ছাড়ল না শপথ গ্রহণ অনুষ্ঠানের। অনুষ্ঠান চলাকালীন সঞ্চালক ‘বন্দে মাতরম’ পরিবেশনের ঘোষণা করার পরেই ভুলবশত কর্ণাটকের রাজ্য সঙ্গীত বেজে ওঠে। মুহূর্তের মধ্যে বিষয়টি নজরে আসতেই কর্মকর্তারা তৎক্ষণাৎ সঙ্গীত থামিয়ে দেন। এরপর নির্ধারিত সূচি অনুযায়ী ‘বন্দে মাতরম’ পরিবেশন করা হয়। যদিও এই সামান্য ভুলকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা।
উল্লেখ্য, কয়েকদিন আগেই তামিলনাড়ুর নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানেও সঙ্গীত পরিবেশনের ক্রম নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। প্রতিবেশী রাজ্যের সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই কর্ণাটকের এই ঘটনায় ফের জাতীয় সঙ্গীত ও রাজ্য সঙ্গীত ঘিরে অস্বস্তিতে পড়েছে শাসকদল।