ট্রফি জয়ের পরেই বড় সিদ্ধান্ত RCB-র! কেন এবার আর কোনো বিজয় শোভাযাত্রা নয়?

২০২৫-এর পর ২০২৬—আইপিএলের মঞ্চে রাজত্ব অব্যাহত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। রজত পাতিদারের নেতৃত্বে গুজরাত টাইটান্সকে হারিয়ে টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপা জয়ের পর থেকে সোশ্যাল মিডিয়ায় ভাসছে আরসিবি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের উদযাপনের নানা মুহূর্ত। কিন্তু ট্রফি নিয়ে বেঙ্গালুরুতে ফেরার পর সমর্থক ও ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের মনে একটাই প্রশ্ন ছিল—এবার কি তবে বিজয় শোভাযাত্রা হবে?

তবে সেই প্রশ্নের উত্তর এল এক সতর্কবার্তার মাধ্যমে। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এবার কোনো বিজয় শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে না।

কেন এই কঠিন সিদ্ধান্ত? গত বছরের (২০২৫) স্মৃতি এখনও টাটকা। আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর বিজয় শোভাযাত্রার আনন্দ নিমেষেই বিষাদে পরিণত হয়েছিল। সেবার পদপিষ্ট হয়ে ১১ জন সমর্থকের মর্মান্তিক মৃত্যু হয়েছিল, যা নিয়ে বড় ধরনের বিতর্কের মুখে পড়েছিল আরসিবি কর্তৃপক্ষ। চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ আয়োজন নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা। সেই তেতো অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার বাড়তি সতর্কতা অবলম্বন করছে ফ্র্যাঞ্চাইজি।

সোশ্যাল মিডিয়ায় আরসিবির বার্তা নিজেদের অফিশিয়াল সোশ্যাল হ্যান্ডেলে আরসিবি কর্তৃপক্ষ এক আবেগঘন বিবৃতিতে লিখেছে, “কী অসাধারণ এক রাত! আরসিবির প্রতিটি সদস্যকে অভিনন্দন। এই জয় আপনাদেরই। উদযাপন শুরু হলেও, আসুন আমরা সবাই দায়িত্বশীল থাকি। উদযাপনের সেরা উপায় হলো প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো। ঘরে বসেই এই বিশেষ মুহূর্তগুলো উপভোগ করুন। আগামী বছর স্টেডিয়ামে আবার দেখা হবে, ‘টুয়েলভথ ম্যান আর্মি’। ততদিন আনন্দ ছড়িয়ে দিন এবং আমাদের সমর্থন করুন।”

অর্থাৎ, উদযাপনের জোয়ারে গা না ভাসিয়ে এবার দায়িত্বশীলতার পরিচয় দিতেই বিজয় মিছিল থেকে বিরত থাকল রজত পাতিদারের দল। ভক্তদের নিরাপত্তাকেই সর্বাগ্রে প্রাধান্য দিয়ে এই ঐতিহাসিক মুহূর্তকে সংযতভাবে পালনের বার্তা দিল আরসিবি।