সই-জাল কাণ্ড নিয়ে রণংদেহি মুখ্যমন্ত্রী! ‘কেউ ছাড় পাবেন না’, তৃণমূলকে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ ডামাডোল যেন থামার নামই নিচ্ছে না। রবিবার কালীঘাটে বিধায়কদের ডাকা বৈঠক ভেস্তে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে শাসকদলকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুর দাবি, তৃণমূলের সংগঠন এখন কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছে।

কালীঘাটের বৈঠক ও বিধায়কদের অনুপস্থিতি

সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কালীঘাটে তৃণমূলের বিধায়কদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছিল। দলীয় সূত্রে খবর, প্রায় ৮০ জন বিধায়ককে তলব করা হলেও উপস্থিত ছিলেন মাত্র ২০ জন। ফলে বৈঠক মাঝপথেই বাতিল করতে বাধ্য হন দলনেত্রী। এই ঘটনাকে হাতিয়ার করেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “পার্টিটা উঠে গেছে। ৮০ জনের মধ্যে মাত্র ১৭-২০ জন উপস্থিত হয়েছেন। এত আন্দোলন হচ্ছে, অথচ কোনো বিধায়কই সেখানে পৌঁছাচ্ছেন না।”

সই-জাল কাণ্ড: সিআইডি তলব নিয়ে তোপ

বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের সময় বিধায়কদের সই জাল করার গুরুতর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “যাঁরা সই চুরি করেছেন, তাঁদের কাউকে ছাড় দেওয়া হবে না। এই অভিযোগ আপনাদের দলের বিধায়কদেরই। ১৩ জন বিধায়ক বড় বড় অক্ষরে সই করে অভিযোগ জানিয়েছেন।” প্রসঙ্গত, এই একই ঘটনায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি তলব করেছে, যা নিয়ে রাজ্য রাজনীতি এখন উত্তাল।

‘প্রতিহিংসা নয়, স্বচ্ছ তদন্ত’

শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তিনি ব্যক্তিগত কোনো প্রতিহিংসা চরিতার্থ করতে চান না। তবে আইন আইনের পথেই চলবে। তিনি বলেন, “রাজ্য পুলিশ তাদের কাজ করছে। যারা তদন্তে সহযোগিতা করবেন, তাদের জন্য তদন্তকারীরা হয়তো অন্যভাবে ভাববেন। কিন্তু যারা অপরাধের সঙ্গে যুক্ত, তাদের শাস্তি পেতেই হবে।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কালীঘাটের বৈঠকে বিধায়কদের গরহাজিরা এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই আক্রমণাত্মক অবস্থান—সব মিলিয়ে তৃণমূলের অন্দরে যে বড়সড় ভাঙ্গনের সুর বাজছে, তা বলাই বাহুল্য। এখন দেখার বিষয়, আগামী দিনে পরিস্থিতি কোন দিকে গড়ায়।