‘আমি দায়িত্ব নিচ্ছি…’,NEET-এর পর এবার CBSE-র খাতা নিয়ে বিতর্ক! কি বললেন শিক্ষামন্ত্রী ?

নিট (NEET) প্রশ্ন ফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার সিবিএসইর (CBSE) দ্বাদশ শ্রেণির খাতা মূল্যায়ন পদ্ধতি নিয়ে চরম বিতর্ক শুরু হয়েছে। অন-স্ক্রিন মার্কিং (OSM) পদ্ধতি ব্যবহার করে খাতা দেখার পর থেকে পড়ুয়া ও অভিভাবকদের তরফ থেকে একাধিক অভিযোগ ওঠায় অস্বস্তিতে পড়েছে বোর্ড। বৃহস্পতিবার গোটা বিষয়টি নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

ঠিক কী নিয়ে অভিযোগ? এই প্রথমবার সিবিএসই দ্বাদশ শ্রেণির খাতা মূল্যায়নে অন-স্ক্রিন মার্কিং পদ্ধতি চালু করা হয়েছিল। কিন্তু ফল প্রকাশের পরই সামনে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য:

  • ঝাপসা উত্তরপত্র: স্ক্যান করা অনেক উত্তরপত্রই ঝাপসা ছিল বলে অভিযোগ।

  • মূল্যায়ন না হওয়া: বহু পড়ুয়ার উত্তরপত্র মূল্যায়নের বাইরে থেকে গিয়েছে।

  • নম্বর গণনায় ভুল: নম্বর যোগ করার ক্ষেত্রেও বড়সড় গরমিলের অভিযোগ উঠেছে।

  • সার্ভার সমস্যা: পরবর্তীতে রিভ্যালুয়েশনের জন্য আবেদন করতে গিয়ে পেমেন্ট গেটওয়ে বিভ্রাট এবং সার্ভারের সমস্যার সম্মুখীন হতে হয়েছে পড়ুয়াদের।

শিক্ষামন্ত্রীর প্রতিক্রিয়া: পরিস্থিতি সামাল দিতে আসরে নেমে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, “পুরো বিষয়টি নিয়ে আমি দায় নিচ্ছি। সমস্যা সমাধানের জন্য আমরা দ্রুত কাজ করছি।” তিনি জানান, এই নতুন পদ্ধতিতে প্রায় ১৭ লক্ষ পড়ুয়ার ৯৮ লক্ষ উত্তরপত্র অর্থাৎ প্রায় ৪০ কোটি পৃষ্ঠা মূল্যায়ন করা হয়েছে। বোর্ড আশ্বস্ত করেছে যে, সমস্ত উত্তরপত্র নিরাপদে সংরক্ষণ করা হয়েছে এবং ভুল সংশোধনের কাজও শুরু হয়েছে। তিনি রাজনীতিকদের প্রতি অনুরোধ জানান, এই পরিস্থিতিতে সমালোচনা করে পড়ুয়াদের মানসিক চাপ যেন বাড়ানো না হয়।

রাজনৈতিক চাপ ও বোর্ডের ভূমিকা: এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসসহ বিরোধী দলগুলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছে। বিরোধীদের অভিযোগ, কোনো যথাযথ পরীক্ষামূলক প্রয়োগ ছাড়াই তাড়াহুড়ো করে এই ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে। পাল্টা জবাবে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটিগুলো খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের দল কাজ করছে এবং রিভ্যালুয়েশন বা পুনর্মূল্যায়ন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।

লক্ষাধিক পড়ুয়ার ভবিষ্যতের প্রশ্ন জড়িয়ে থাকায়, সিবিএসইর এই নতুন মূল্যায়ন পদ্ধতি কতটা সফল হলো এবং সরকার তা কীভাবে সংশোধন করে, এখন সেদিকেই তাকিয়ে দেশবাসী।