“প্রতি ইঞ্চি ধরে স্কেচ চাই!” নির্মাণ নকশা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া বার্তা পুরসভার

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির নির্মাণ নকশা এবং অন্দরমহলের কাঠামো নিয়ে নড়েচড়ে বসল কলকাতা পৌরসভা। শান্তিনিকেতন বিল্ডিং-সহ তাঁর অন্যান্য সম্পত্তির বর্তমান গঠন নিয়ে নতুন করে ‘এলিভেশন কপি’ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে পুরসভার বিল্ডিং বিভাগ।
পুরসভার নির্দেশ কী?
পৌরসভা সূত্রে খবর, বিল্ডিং বিভাগের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে, বর্তমানে বাড়ির অন্দরমহলে নতুন করে কী কী নির্মাণ কাজ হয়েছে, তা নিখুঁতভাবে এলিভেশন কপিতে এঁকে জমা দিতে হবে। পুরসভার কাছে বাড়ি তৈরির সময় যে মূল নকশা জমা পড়েছিল, তার সঙ্গে বর্তমানের এই নতুন নকশা মিলিয়ে দেখা হবে। বিল্ডিং বিভাগের আধিকারিকদের কথায়, “প্রতি ইঞ্চি ধরে ধরে এই নকশা তৈরি করতে হবে এবং তা অনুমোদিত লাইসেন্সপ্রাপ্ত বিল্ডিং সার্ভেয়ার (LBS) দিয়েই করাতে হবে।”
কেন এই কড়া পদক্ষেপ?
পুরসভার বিল্ডিং আইনের নিয়ম অনুযায়ী, নির্মাণ নকশা অনুমোদনের সময় কোথায় কী নির্মাণ করা হচ্ছে, তার একটি স্কেচ জমা দেওয়া বাধ্যতামূলক। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তিতে নিয়ম বহির্ভূত কোনো নির্মাণ হয়েছে কি না, তা যাচাই করতেই নতুন করে এই নথি তলব করা হয়েছে। এই নতুন স্কেচই হয়ে উঠবে পুরসভার কাছে বড় হাতিয়ার, যার মাধ্যমে বোঝা যাবে অনুমতিবিহীন অংশের কাজ কতটা হয়েছে।
কী এই ‘এলিভেশন কপি’?
বিল্ডিং বিভাগ সূত্রে জানা গেছে, নির্মাণ অনুমোদনের সময় নীল রঙের এক বিশেষ ধরণের পাতায় এই নকশা স্কেচ করা হয়। এর একটি কপি পুরসভার নথিতে থাকে, আর অন্যটি থাকে আবেদনকারীর কাছে। এখন সেই অরিজিনাল কপির সঙ্গে বর্তমান অবস্থার আকাশ-পাতাল তফাৎ আছে কি না, তা খতিয়ে দেখাই পুর প্রশাসনের মূল লক্ষ্য।
পুরসভার এই সিদ্ধান্তের ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির আইনি জট আরও কিছুটা বাড়তে পারে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। নির্মাণ বিধি লঙ্ঘনের কোনো প্রমাণ পাওয়া যায় কি না, এখন সেটাই দেখার বিষয়।