উগান্ডার বিরুদ্ধে মাঠে নামছেন সূর্যকুমার! ভারতীয় দলের হয়ে নয়, খেলবেন অন্য জার্সিতে

আইপিএল ২০২৬ থেকে বিদায় নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে মাঠের লড়াই থেকে দীর্ঘ বিরতি নিচ্ছেন না টি-টোয়েন্টি ফরম্যাটের বিশ্বসেরা ব্যাটার সূর্যকুমার যাদব। খুব শীঘ্রই উগান্ডা ক্রিকেট দলের বিরুদ্ধে মাঠে দেখা যেতে পারে ‘স্কাই’-কে। তবে ভারতীয় দলের জার্সিতে নয়, তিনি খেলবেন ‘ট্রায়াম্প নাইটস মুম্বই নর্থ ইস্ট’-এর হয়ে।

কেন এই ম্যাচ? বর্তমানে ভারত সফরে এসেছে উগান্ডা ক্রিকেট দল। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (MCA) সঙ্গে তাদের এই টি-টোয়েন্টি সিরিজের আয়োজন করা হয়েছে। আগামী ৩০ মে বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের এমসিএ গ্রাউন্ডে ট্রায়াম্প নাইটসের হয়ে মাঠে নামার কথা সূর্যকুমারের। এমসিএ সচিব উন্মেশ খানভিল্কার জানিয়েছেন, সূর্যকুমার তাদের দলেরই একজন, তাই এই ম্যাচে তাঁর খেলা প্রায় নিশ্চিত। তিনি বলেন, “সূর্য আমাদের দলের অংশ। একজন ভারতীয় দলের অধিনায়কের বিরুদ্ধে খেলা বিপক্ষ দলের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেয়। এটি ক্রিকেটারদের জন্য একটি দারুণ অভিজ্ঞতার সুযোগ।”

উদ্যোগের নেপথ্যে জয় শাহ এমসিএ সভাপতি অজিঙ্ক নায়েক জানিয়েছেন, উগান্ডা ক্রিকেট দলকে ভারতে আনার পেছনে মূল ভূমিকা পালন করেছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। তাঁর পরামর্শেই এমসিএ এই সিরিজের আয়োজন করেছে। উগান্ডা দল ইতিমধ্যেই এমসিএ কল্টসের বিরুদ্ধে একদিনের সিরিজ ৪-০ ব্যবধানে জিতে নিয়েছে। ১ জুন থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি সিরিজ।

তরুণদের জন্য বড় সুযোগ এই ধরনের সিরিজ আয়োজনের মূল লক্ষ্য হলো মুম্বইয়ের উঠতি ক্রিকেটার ও বেঞ্চে থাকা খেলোয়াড়দের আন্তর্জাতিক মানের অভিজ্ঞতার স্বাদ দেওয়া। এমসিএ সভাপতি জানান, “শুধু উগান্ডা নয়, আমাদের জুনিয়র ও মেয়েদের দলও ভবিষ্যতে ইংল্যান্ড সফরে যাওয়ার পরিকল্পনা করছে। যারা নিয়মিত জাতীয় দলে খেলার সুযোগ পান না, এই ধরণের ম্যাচ তাদের দক্ষতার বিকাশে সাহায্য করবে।”

আইপিএল মরশুম শেষ হতেই সূর্যকুমারের এই নতুন চ্যালেঞ্জের খবর ছড়িয়ে পড়তেই উৎসাহী ক্রিকেট অনুরাগী। মুম্বইয়ের মাঠে উগান্ডার বিরুদ্ধে তাঁর বিধ্বংসী ব্যাটিং দেখার অপেক্ষায় এখন ক্রিকেট বিশ্ব।