বেহালায় ভয়াবহ ঘটনা! স্কুলছাত্রীকে গাড়িতে তুলে মাদক খাইয়ে যৌন নির্যাতন, অভিযুক্ত দুই কিশোর

স্কুল ছুটির পর বান্ধবীর ডাকে গাড়িতে লিফট নেওয়াটাই যে কাল হয়ে দাঁড়াবে, তা ভাবতেও পারেনি কলকাতার বেহালার সরশুনা এলাকার এক কিশোরী। বন্ধুর গাড়িতে ওঠার পর মাদক মেশানো চকোলেট খাইয়ে অচৈতন্য করে তাকে যৌন হেনস্তা করার অভিযোগ উঠেছে দুই কিশোরের বিরুদ্ধে। শুধু তাই নয়, নির্যাতনের অশ্লীল ভিডিয়ো রেকর্ড করে তা ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ।

ঘটনার বিবরণ: ঘটনাটি গত ১৭ ও ১৮ এপ্রিলের। অভিযোগ, স্কুল ছুটির পর নির্যাতিতা ওই কিশোরীকে দেখে তার এক বান্ধবী লিফটের প্রস্তাব দেয়। ওই কিশোরী সরল বিশ্বাসে গাড়িতে উঠলে দেখতে পায়, সেখানে আগে থেকেই দুই অপরিচিত কিশোর উপস্থিত রয়েছে। গাড়িতে ওঠার কিছুক্ষণ পরেই তাকে একটি চকোলেট খেতে দেওয়া হয়। অভিযোগ, ওই চকোলেটে কড়া ঘুমের ওষুধ বা মাদক মেশানো ছিল। চকোলেটটি খাওয়ার পরই জ্ঞান হারায় ওই কিশোরী। এরপর তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে দুই কিশোর পাশবিক যৌন নির্যাতন চালায় বলে এফআইআরে উল্লেখ করা হয়েছে।

ব্ল্যাকমেল ও আতঙ্ক: নির্যাতিতার পরিবারের অভিযোগ, অচৈতন্য অবস্থায় কিশোরীর বেশ কিছু আপত্তিকর ভিডিয়ো রেকর্ড করে রাখে অভিযুক্তরা। জ্ঞান ফেরার পর ওই ভিডিও দেখিয়ে কিশোরীকে মুখ না খোলার জন্য প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। লোকলজ্জা ও অভিযুক্তদের ভয়ে দীর্ঘ সময় পরিবারটি থানায় অভিযোগ করার সাহস পায়নি। অবশেষে মানসিক ট্রমা কাটিয়ে গত বুধবার সরশুনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার মা।

পুলিশি পদক্ষেপ: অভিযোগ পাওয়ার পরই সরশুনা থানা ও লালবাজারের পুলিশ তৎপরতার সাথে তদন্ত শুরু করেছে। নির্যাতিতার কাপড় ও প্রয়োজনীয় নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা ও পকসো (POCSO) আইনের একাধিক কঠোর ধারায় মামলা রুজু করা হয়েছে। জানা গেছে, মূল অভিযুক্ত কিশোরকে আটক করে জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করা হয়েছে।

বেহালা পশ্চিমের বিধায়ক ইন্দ্রনীল খাঁ মঙ্গলবার সরশুনা থানায় গিয়ে নির্যাতিতার পরিবারের সাথে কথা বলেন। তিনি জানান, সরকার পরিবর্তনের পর এখন পরিবারটি পুলিশের ওপর ভরসা করতে পেরেছে এবং সুবিচারের আশায় লড়াই চালিয়ে যাচ্ছে।