অন্নপূর্ণা ভাণ্ডারে ৩০০০ টাকা! বুধবার থেকেই ফর্ম বিলি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

রাজ্যের মহিলাদের জন্য অত্যন্ত প্রতীক্ষিত ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কল্যাণীতে একটি প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী বুধবার বিকেল থেকেই এই প্রকল্পের আবেদনের ফর্ম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল যৌথভাবে এই ফর্ম প্রকাশ করবেন।

টাকা পাওয়ার নিয়ম ও প্রক্রিয়া: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করেছেন যে, অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পেতে গেলে আবেদনকারীদের নতুন ফর্ম পূরণ করে জমা দিতে হবে। তিনি জানান, “যত দ্রুত ফর্ম ফিলাপ ও এনরোলমেন্টের কাজ সম্পন্ন হবে, তত দ্রুত বেনিফিট বা টাকা প্রাপকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে।”

সবচেয়ে বড় বিষয়, এই নতুন প্রকল্পে রূপান্তরের প্রক্রিয়া চলাকালীনও বর্তমান লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হবে না। মুখ্যমন্ত্রী জানান, “যতদিন পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু না হচ্ছে, ততদিন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আগের মতোই অব্যাহত থাকবে।”

অন্যান্য বড় ঘোষণা: প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা জানিয়েছেন:

  • বিনামূল্যে বাস পরিষেবা: মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। আপাতত পরিষেবা চালু হলেও, পরবর্তীতে এর জন্য মহিলাদের নির্দিষ্ট কার্ড দেওয়া হবে।

  • নতুন হেল্পলাইন: ‘মুখ্যমন্ত্রীকে বল’ কর্মসূচির পরিবর্তে এবার থেকে চালু হতে চলেছে ‘আপনার সরকারকে বল’ পরিষেবা।

  • স্বাস্থ্য সাথী থেকে আয়ুষ্মান ভারত: স্বাস্থ্য সাথী প্রকল্পকে আয়ুষ্মান ভারতের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী ৮ জুন এ বিষয়ে চূড়ান্ত আলোচনার জন্য সরকারের একটি প্রতিনিধি দল দিল্লি যাচ্ছে।

মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যজুড়ে প্রশাসনিক বৈঠকের মাধ্যমে নতুন সরকার মানুষের কাছে পৌঁছাতে বদ্ধপরিকর। শিলিগুড়ি, জলপাইগুড়ির পর এবার মেদিনীপুর ও হাওড়াতেও হতে চলেছে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক।

এই ঘোষণার ফলে রাজ্যের মহিলারা যে আর্থিকভাবে বড় স্বস্তি পেতে চলেছেন, তা বলাই বাহুল্য। এখন বুধবারের ফর্ম প্রকাশের দিকেই তাকিয়ে সাধারণ মানুষ।