রেস্তোরাঁর স্বাদে বাদামি মাটন! বাড়িতেই তৈরি করুন রাজকীয় এই পদ, রইল সহজ রেসিপি

ছুটির দিন, পাতে যদি থাকে কষা মাংস, তবে আর কিছুই লাগে না। তবে সাধারণ খাসির মাংসের ঝোলের বাইরে যদি একটু অন্যরকম, রাজকীয় স্বাদের কিছু খেতে ইচ্ছে করে, তবে অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন ‘বাদামি মাটন’। আমন্ড আর দইয়ের সংমিশ্রণে তৈরি এই পদের স্বাদ আপনাকে বারবার রাঁধতে বাধ্য করবে। জেনে নিন সহজ পদ্ধতি।

প্রয়োজনীয় উপকরণ:
পাঠার মাংস: ৫০০ গ্রাম

পেঁয়াজ কুচি: ২ টি (ভাজা)

আদা-রসুন বাটা: ১ টেবিল চামচ

টক দই: ৪ টেবিল চামচ

আমন্ড: ১ কাপ

ধনে গুঁড়ো: ১ টেবিল চামচ

হলুদ গুঁড়ো: আধ চা চামচ

শুকনো লঙ্কার গুঁড়ো: ১ টেবিল চামচ

গোটা গরম মশলা (তেজপাতা ২ টি, দারচিনি ১ টি, সবুজ এলাচ ৪-৫ টি, কালো এলাচ ১ টি)

ঘি: ৪ টেবিল চামচ

গোলাপ জল: ৩-৪ ফোঁটা

নুন: স্বাদমতো

প্রস্তুত প্রণালী:
১. প্রস্তুতি: প্রথমে আমন্ডগুলো ভালো করে ধুয়ে ১০ মিনিট গরম জলে ভিজিয়ে রাখুন। এরপর খোসা ছাড়িয়ে অর্ধেক পরিমাণ আমন্ড টক দইয়ের সঙ্গে মিশিয়ে মিহি পেস্ট তৈরি করে নিন। অন্যদিকে পেঁয়াজ কুচিগুলো বাদামি করে ভেজে তুলে রাখুন।

২. মাংস কষানো: কড়াইতে ঘি গরম করুন। এতে তেজপাতা, দারচিনি, এলাচ ফোরন দিন। এবার মাংস দিয়ে ভালো করে ভাজুন। মাংস ভাজা হয়ে এলে আদা-রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন।

৩. মশলা যোগ: এরপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো ও নুন দিয়ে ভালো করে কষান। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আগে থেকে তৈরি করে রাখা আমন্ড ও দইয়ের মিশ্রণটি ঢেলে দিন।

৪. রান্না: মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিন। এবার পরিমাণমতো জল দিয়ে ঢাকা দিন। আঁচ কমিয়ে প্রায় আধ ঘণ্টা ধরে রান্না করুন যতক্ষণ না মাংস ভালোভাবে সেদ্ধ হয়।

৫. ফিনিশিং টাচ: মাংস নরম হয়ে এলে ওপর থেকে আমন্ড কুচি ছড়িয়ে দিন। সবশেষে ৩-৪ ফোঁটা গোলাপ জল ছিটিয়ে নামিয়ে নিন। তৈরি আপনার শাহী স্বাদের ‘বাদামি মাটন’।

গরম গরম রুটি, নান বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন এবং বাড়ির সবার প্রশংসা কুড়োন।